২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুলিস্তানে অস্ত্রসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গুলিস্তানের এক হোটেল থেকে দুইটি অত্যাধুনিক অস্ত্রসহ একজনকে রোববার গভীর রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 12:16 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গুলিস্তানের এক হোটেল থেকে দুইটি অত্যাধুনিক অস্ত্রসহ একজনকে রোববার গভীর রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত আনুমানিক একটার দিকে পীর ইয়ামিনি হোটেলের ৫২১ নম্বর কক্ষ থেকে শামীম (৩৬) নামে একজনকে দুইটি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার এড়াতে শামীম গুলি করার চেষ্টা করেন বলে র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। র‌্যাব গুলিভর্তি দুইটি অস্ত্র ছাড়াও ৪৯ বোতল ফেনসিডিল এবং ৯০ পিস ইয়াবা উদ্ধার করে। শামীমের বিরুদ্ধে ছিনতাই, মাদক ব্যবসা, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। র‌্যাব-৩ এর জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (এএসপি) মোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শামীমের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার আলীপুর গ্রামে। তার বাবার নাম মোঃ তাজুল হক । বর্তমানে তিনি খিলগাঁও থানার পূর্ব গোড়ান ১৭ নং গলির ৭ নং বাসায় বসবাস করেন। চতুর্র্থ শ্রেণীতে পড়া অবস্থায় পড়াশোনার পাঠ চুকিয়ে ঢাকায় এসে কিছুদিন গার্মেন্টস এ চাকরি নেন। পরে পান-সুপারির দোকান দেন। এরপর তিনি ছিনতাই ও ইয়াবা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক দ্রব্যের ব্যবসা শুরু করেন। বর্তমানে তিনি গুলিস্তান এলাকার বিভিন্ন মাদক স্পটসহ মুক্তিযোদ্ধা ক্লাবে মাদক জোগানদাতা হিসাবে পরিচিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এলএইচ/পিডি/১৮১১ ঘ.