ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেলেদের ঈদ ফ্যাশন এবার বরাবরের মতোই। তবে ঈদে উপলক্ষে এসেছে বাহারি ফতুঞ্জি।
ফতুয়া ও পাঞ্জাবির মাঝামাঝি এই পোশাক তৈরি করা হয়েছে। ফতুঞ্জিতে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল রং।
বিভিন্ন বুটিক শপ ছেলেদের লং ও শর্ট পাঞ্জাবি এবং ফতুয়ায় রঙে একটু তারতম্য আনার চেষ্টা করেছে। আড়ং, বাংলার মেলা, ওজি, নগরদোলা, নন্দন কুটির, যাত্রা, অঞ্জনস ও কে-ক্র্যাফট বুটিক শপে ছেলেদের শর্ট পাঞ্জাবির বাহার দেখা গেছে।
এসব বুটিক শপে ছেলেদের ফতুয়ার ডিজাইনে কিছুটা বৈচিত্র্য আনা হয়েছে।
এছাড়া আজিজ সুপার মার্কেটে রয়েছে ছেলেদের ভিন্নধর্মী ও রুচিসম্পন্ন পোশাকের বিশাল সমাহার। এখানে প্রায় প্রতিটি শোরুমেই পোশাকে ব্যতিক্রমী ধাঁচ রয়েছে। এছাড়া দামেও সাশ্রয়ী।
নিত্য উপহার, দেশাল, তারা মার্কা, গাঁও গেরাম, কল্কা, নন্দন কুটির, কল্পতরু, ফেরিওয়ালা, সিঁড়ি, হাতছানি প্রভৃতি শোরুমে ভিন্ন ধাঁচের পোশাক পাওয়া যায়।
কল্পতরুর স্বত্ত্বাধিকারী ও ডিজাইনার আফসানা শর্মী জানান, এবার ফতুয়া ও পাঞ্জাবির মাঝামাঝি ফতুঞ্জি তৈরি করা হয়েছে। ফেসটিভ মুড ও গরমের কথা মাথায় রেখে তারা তাঁতের কাপড়ে হাল্কা রঙের ব্যবহার করেছে। এছাড়া শর্ট পাঞ্জাবি ও ফতুয়া রয়েছে। ফতুয়ার দাম ৩৫০-৫০০ এবং পাঞ্জাবির দাম ৫০০-৮৫০ টাকা পড়বে।
বাংলার মেলার স্বত্ত্বাধিকারী ও ডিজাইনার এমদাদ হক বলেন, "ছেলেদের জন্য এবার প্রচলিত লং পাঞ্জাবির পাশাপাশি শর্ট পাঞ্জাবি রাখা হয়েছে। তবে উজ্জ্বল রঙের ব্যবহার বেশি করা হয়েছে। এর মধ্যে আকাশী, বটল গ্রীন, মেরুন, বেগুনী, কালো ও সাদা রং।"
তিনি আরো বলেন, "এখন শীত নয়। তাই আরামের জন্য ছেলেদের পাঞ্জাবি ও ফতুয়া তৈরিতে সুতি কাপড় ব্যবহার করা হয়েছে। ফতুয়ার ডিজাইনে একটু বৈচিত্র্য আনার চেষ্টা করা হয়েছে।"
এমদাদ হক জানান, ছেলেদের ফতুয়ার ডিজাইনে এবার সূক্ষ্ম হাতের কাজ ও ফেব্রিকের মিশেল রাখা হয়েছে।
এলিফ্যান্ট রোডের মুনসুন রেইনের বিক্রয় কর্মী সাফকাত আহমেদ বলেন, "ঈদের কেনাকাটা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। বেশিরভাগ ক্রেতাই গাঢ় রঙের শার্ট নিচ্ছেন। এর মধ্যে আকাশী ও হাল্কা সবুজ রঙের শার্ট বেশি চলছে।"
পাইকারী পাঞ্জাবি বিক্রেতা শামসুল ইসলাম বলেন, "তিনি ঢাকাইয়া, পাকিস্তানী এবং দেশি পোশাক কারখানায় তৈরি পাঞ্জাবি বিক্রি করেন।"
ঢাকাইয়া পাঞ্জাবির বৈশিষ্ট্য বলতে তিনি বলেন, "ঢাকার নবাবদের পাঞ্জাবিতে বুকে অনেক কারুকাজ থাকতো। এগুলো সে অনুযায়ী তৈরি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমইউএস/কেএমএস/১৬১৬ ঘ.
bdnews24