২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিমতলীতে দগ্ধ আরো একজন মারা গেছে

পুরান ঢাকার নিমতলীর আগুনে দগ্ধ আরো একজন মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2010, 03:37 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার নিমতলীর আগুনে দগ্ধ আরো একজন মারা গেছে। পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় সাহিদা বেগম (৩৯) নামের একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ৩ জুন রাতে লাগা স্মরণকালের ভয়াবহ ওই আগুনে ১২৫ জনের প্রাণহানি হলো। সাহিদার স্বামীর নাম শরফুদ্দীন আহমেদ। তাদের বাসা ৪৩/বি নবাব কাটরা। নিহতের স্বামী ও দুই সন্তানের বিশেষ অনুরোধে ময়না তদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ক্যান্টনম্যান্ট থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. ফিরোজ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে সাহিদা মারা যান। দমকল বাহিনী জানায়, ৩ জুন রাত ৯টার দিকে নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে ট্রান্সফরমার ফেটে ওই আগুনের সূত্রপাত হয়। আগুন চোখের পলকে আশপাশের অন্তত ৫-৬টি বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে নারী-শিশুসহ দেড় শতাধিক মানুষ দগ্ধ হয়। পরদিন বিকাল পর্যন্ত ১১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর সম্মিলিত সামরিক হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আরো সাতজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/০৯৩৪ ঘ.