নারায়ণগঞ্জ, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ ও গাড়ি ভাংচুর করেছে।
এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে আট পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছে। এদের মধ্যে চারজন রাবার বুলেটবিদ্ধ হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে রূপগঞ্জ উপজেলার রূপসী মৈকুলী এলাকার শিকদার এ্যাপারেলস গার্মেন্টস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক দেড় ঘণ্টা অবরোধ করে রেখে বিক্ষোভ করে।
পুলিশ জানায়, আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ওসি ফোরকান শিকদার সাংবাদিকদের জানান, সকালে শ্রমিকরা জুলাই মাসের বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করে। এক পর্যাযে তারা কারখানায় ভাংচুর চালায়।
দুপুর ১২টার দিকে বিক্ষুদ্ধ শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এক পর্যায়ে তারা গাড়ি ভাংচুর শুরু করে। পুলিশ বাধা দিলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়।
দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
ওসি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, ৫ রাউন্ড কাঁদানে গ্যাস শেল ও ২২ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।
শ্রমিকর ছত্রভঙ্গ হয়ে যাওয়ার পর দুপুর দেড়টার দিকে যান চলাচল আবার স্বাভাবিক হয়।
শ্রমিকরা দাবি করেন, অগাস্ট মাসের ১৫ তারিখের মধ্যে জুলাই মাসের বেতন পরিশোধের কথা থাকলেও তা দেওয়া হয়নি। পরবর্তী তারিখ অনুযায়ী আজ বেতন দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ সে কথাও রাখেনি কর্তৃপক্ষ।
শিকদার এ্যাপারেলসের পরিচালক (প্রশাসন) আব্দুর রব জানান, শ্রমিকদের জুলাই মাসের বেতন অগাস্টের ২৬ তারিখে এবং অগাস্ট মাসের বেতন ঈদের আগে অর্ধেক পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০৫৬ ঘ.
bdnews24