২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'জোট সরকার আমাকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করেছে'

নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি মো. আব্দুল হান্নান দাবি করেছেন, চারদলীয় জোট সরকার তাকে 'ট্রাম্পকার্ড' হিসেবে ব্যবহার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 06:30 PM

বাগেরহাট, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি মো. আব্দুল হান্নান দাবি করেছেন, চারদলীয় জোট সরকার তাকে 'ট্রাম্পকার্ড' হিসেবে ব্যবহার করেছে। সাংসদ শেখ হেলাল উদ্দিনের নির্বাচনী জনসভায় বোমা হামলা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়ার আবেদনের শুনানিকালে রোববার তিনি এই দাবি করেন। বাগেরহাটের বিচার বিভাগীয় হাকিম মো. নূরনবীর আদালতে সকালে এই শুনানি শেষে বিচারক দুইদিন মঞ্জুর করেন। আদালতে তিনি আরো বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় এখন বিএনপির অনেক রাঘব বোয়ালের নাম তদন্তেবের হয়ে আসছে। "গত পাঁচ বছরে জিজ্ঞাসাবাদের জন্য আমাকে ৩৬৯ দিন রিমান্ডে নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন জেলার ২২টি মামলায় আমি কারাগারে আটক রয়েছি। একটি মামলায় আমার ফাঁসির আদেশ হয়েছে", বলেন তিনি। গত বুধবার মামলাটির তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) খুলনা সার্কেলের জেষ্ঠ্য সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট সুখরঞ্জন সমাদ্দার তাকে সাতদিন জিজ্ঞাসাবাদের আবেদন করেছিলেন। শুনানির সময় রিমান্ড আবেদনের বিরোধিতা করে মুফতি হান্নান বলেন, "আমি এই বোমা হামলার বিষয়ে কিছুই জানি না।" আদালতে মুফতি হান্নান আরো বলেন, "আমাকে হুজি সংগঠনের প্রধান বলা হয়। কিন্তু আমি এই সংগঠনের কোনো সদস্যও না।" শুনানি শেষে তাকে বাগেরহাট জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। সিআইডি কর্মকর্তা সুখরঞ্জন সমাদ্দার জানান, দু'এক দিনের মধ্যেই মুফতি হান্নানকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে। ২০০১ সালের ২৩ সেপ্টেম্বর বাগেরহাটের মোল্লাহাটে প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলালের নির্বাচনী জনসভায় বোমা হামলার মামলায় মুফতি আব্দুল হান্নানকে গত ৭ এপ্রিল গ্রেপ্তার দেখানো হয়। ওই বোমা হামলায় নয় জন নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়েছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৩ ঘ.