ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জমি দখলের আরো চার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম।
চার মামলাতেই রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের ওপর আপত্তি করা হয়নি।
গত ১ জুন হাইকোর্টে আত্মসমর্পন করে মামলাগুলোয় আগাম জামিন চান শাহ আলম। হাইকোর্ট ৮ সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পনের নির্দেশ দেয় এবং আদালতকেও তার জামিন বিবেচনা করতে বলে।
২০০৭ সালের বিভিন্ন মাসে কাজী সরোয়ার হোসেন, হাজেরা পরভিন, গাজী ওবায়দুল কবীর ও এম এ মালেক নামের চারজন তার বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা চারটি দায়ের করেন।
এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো।
শাহ আলম এর আগে গত বৃহস্পতিবার সরকারি সম্পত্তি জবর দখলের অভিযোগে তিন বছর আগে দায়ের করা বাড্ডা থানার একটি মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণের পর জামিন পান।
ওই মামলাতেও তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো।
চারটি মামলায় শাহ আলম রোববার সকাল সাড়ে ১০টার দিকে আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। পৃথক শুনানি শেষে মহানগর হাকিম শাহাদত হোসেন, রাশেদ কবির ও দিলারা আলো চন্দনা তার জামিন মঞ্জুর করেন।
অভিযুক্তকে উদ্দেশ্য করে মহানগর হাকিম শাহাদত হোসেন বলেন, "আপনি তো পলাতক ছিলেন।"
জবাবে শাহ আলম বলেন, "দেশের বাইরে ছিলাম।"
এ সময় তার পক্ষে ব্যরিস্টার ফজলে নূর তাপস, ব্যরিস্টার মেহেদী হাসান চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান, রোকনুজ্জামান প্রিন্স, কাজী নজিবুল্লাহ হিরুসহ প্রায় ২০জন আইনজীবী শুনানিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/এসএএ/১৬১৫ ঘ.
bdnews24