ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি দখলের আরো চার মামলায় ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন বসুন্ধরা গ্র"পের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ওরফে শাহ আলম।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে শাহ আলম আদালতে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী রোকনুজ্জামান প্রিন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি আরো জানান, বাড্ডা থানার এ মামলা চারটিতে শাহ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তিনি এসব মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করেছিলেন। হাইকোর্ট তাকে আট সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করার আদেশ দিয়েছিলো।
ঢাকার বিভিন্ন মহানগর হাকিমের আদালতে মামলা চারটির শুনানি হবে।
২০০৭ সালের বিভিন্ন মাসে শাহ আলমের বিরুদ্ধে কাজী সরোয়ার হোসেন, হাজেরা পরভিন, গাজী ওবায়দুল কবীর ও এম এ মালেক নামের চারজন মামলা চারটি দায়ের করেন।
শাহ আলম এর আগে গত বৃহস্পতিবার সরকারি সম্পত্তি জবর দখলের অভিযোগে তিন বছর আগে দায়ের করা বাড্ডা থানার একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছিলেন।
শুনানি শেষে এক নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূঁইয়া তাকে জামিন দেন।
ওই মামলায়ও শাহ আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিলো।
রোববার মামলা চারটিতে শাহ আলমের পক্ষে ব্যারিস্টার ফজলে নূর তাপস এবং ব্যারিস্টার মোহাম্মাদ মেহেদী হাসান চৌধুরী শুনানিতে অংশ নেবেন বলেও জানান প্রিন্স।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এজে/১০৫২ ঘ.
bdnews24