২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ছেড়েছেন ব্লেয়ার দম্পতি

দুই দিনের সফর শেষে রোববার সকালে ঢাকা ছেড়ে গেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী শেরি ব্লেয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2010, 04:42 AM

Updated : 25 Aug 2022, 06:30 PM

ঢাকা, অগাস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই দিনের সফর শেষে রোববার সকালে ঢাকা ছেড়ে গেছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ও তার স্ত্রী শেরি ব্লেয়ার। হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ১০টার দিকে ব্লেয়ার দম্পত্তির বিশেষ বিমানটি ছেড়ে গেছে। পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস ও ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স বিমানবন্দরে তাদেরকে বিদায় জানান। ব্লেয়ার দম্পতি গত শুক্রবার বিকালে একটি বিশেষ বিমানে ঢাকা পৌঁছান। সফরে বারিধারায় ব্রিটিশ হাইকমিশনের গেস্ট হাউজে অবস্থান করেন তারা। বাংলাদেশে টনি ব্লেয়ারের এটি ছিলো দ্বিতীয় সফর। এর আগে ২০০২ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকা এসেছিলেন। এ সফরে টনি ব্লেয়ার শনিবার সকালে স্ত্রীকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাৎ করেন। বিকালে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বারিধারায় ব্রিটিশ হাইকমিশনের গেস্ট হাউজে তার সাক্ষাৎ হয়। এর আগে হেয়ার রোড়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। টনি ব্লেয়ার ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে যেদিন পদত্যাগ করেন সেদিনই জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে মধ্যপ্রাচ্য দূত নিযুক্ত হন। এছাড়া পরিবেশ বিপর্যয় ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তার স্ত্রী শেরি ব্লেয়ার একজন মানবাধিকার আইনজীবি। ২০০৮ সালে বিশেষ কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে তিনি কাজ করেন। এরপর গত জানুয়ারি মাসে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান-এ ফেলোশিপ প্রবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করেন শেরি ব্লেয়ার। সে সময়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এসএম/এজে/১০৩৮ ঘ.