২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাড়িচোর চক্রের চারজন আটক

চট্টগ্রামে গাড়িচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 03:27 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

চট্টগ্রাম, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে গাড়িচোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন শামীম উদ্দিন (২৮), তার বোন জামাই মোহাম্মদ শফি (৩৩), টেরী বাজার এলাকার কাপড় ব্যবসায়ী মেজবাহ উদ্দিন রাসেল (৩০) ও গাড়ি বিক্রির দালাল আজগর আলী (৩১)। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক মোহাম্মদ মোহসিন ও সদীপ কুমার দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চক্রটি চালকের সহযোগিতায় বিভিন্ন জনের প্রাইভেট কার চুরি করে আসছিল দীর্ঘদিন। পুলিশ শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত নগরীর খলিফাপট্টি, টেরী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। শনিবার দুপুরে কোতোয়ালী থানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শামীম উদ্দিন জানান, সে ও তার বোনজামাই এবং এক কাপড় ব্যবসায়ী মিলে ডা. সুমেধ দেওয়ানের প্রাইভেটকারটি চুরি করে। তিনি সুমেধের প্রাইভেটকারের চালক ছিলেন। নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে বৃহস্পতিবার রাতে ডা. সুমেধ দেওয়ানের প্রাইভেটকারটি চুরি হয়। ওই দুই পুলিশ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার চিকিৎসকের গাড়ি চুরির পর অভিযোগের ভিত্তিতে তদন্ত করে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে চুরি হওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে। উপ-পরিদর্শক মোহসিন জানান, নগরীর টেরী বাজার এলাকার কাপড় ব্যবসায়ী রাসেল এ চক্রের দলনেতা। তিনি চুরি করে আনা প্রাইভেটকার ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রেতাদের কাছে বিক্রির মধ্যস্থতা করতেন। রাসেল সাত বছর আগে প্রাইভেটকার চুরি করতে গিয়ে ধরা পড়ে হাজতবাস করে বলে জানান তিনি। গ্রেপ্তার চারজনকে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের হেফাজতের আবেদন জানানো হয়েছে। বিচারক শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠিয়েছেন বলে জানান মোহসিন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২১২৩ ঘ.