২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনিয়োগ, শিক্ষা বিষয়ে ব্লেয়ার-খালেদা আলোচনা

সফররত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে শনিবার বিকালে সাক্ষাত করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সফররত যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে শনিবার বিকালে সাক্ষাত করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। বিকাল ৪টায় বারিধারায় ব্রিটিশ হাইকমিশনের গেস্ট হাউজে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। আধা ঘন্টা স্থায়ী এ বৈঠকে দুই দেশের দ্বি-পক্ষীয় সম্পর্ক উন্নয়ন, বিনিয়োগ, বাংলাদেশের বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ, দারিদ্র বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি সমস্যা বিষয়ে দুই নেতা আলোচনা করেছেন। দলটির সহসভাপতি শমসের মবিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা জানান। সাক্ষাতের সময় শমসের মবিন চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ এবং বৃটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স। শমসের মবিন চৌধুরী আরো বলেন, "এটি ছিলো একটি সৌজন্য সাক্ষাত। টনি ব্লেয়ার দ্বিতীয় দফা বাংলাদেশ সফরে আসায় বেগম খালেদা জিয়া তাকে অভিনন্দন জানান। ২০০২ সালে বেগম জিয়ার শাসনামলে টনি ব্লেয়ার প্রথমবার সফরে এসেছিলেন-তাও তিনি স্মরণ করেন।" বৈঠকে দুই নেতা এদেশের সামাজিক খাত উন্নয়নে বৃটিশ সহযোগিতা ও বিনিয়োগ নিয়েও আলোচনা করেন। শমসের মবিন জানান, প্যালেস্টাইন সমস্যা নিরসনে জাতিসংঘের বিশেষ দূত টনি ব্লেয়ারের সঙ্গে এ সমস্যার একটি ন্যায় সংগত সমাধানের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এর আগে সকালে টনি ব্লেয়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৭৫৯ ঘ.