মহসীনুল করিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বন্দরে পঞ্চাশ বছরের পুরনো তিনটি জেটি ভেঙ্গে ফেলে সেখানে নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে সরকার। এটির নাম হবে 'কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল'।
নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রস্তাবনা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। তবে নতুন টার্মিনালটি সরকারি (বন্দরের নিজস্ব ব্যবস্থাপনা) নাকি বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
এ ব্যাপারে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম বন্দর এলাকার জন্য একটি নতুন টার্মিনাল অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। এ বিবেচনায় নৌপরিবহন মন্ত্রণালয় নতুন টার্মিনালটি নির্মাণের উদ্যোগ নিয়েছে। এটির প্রস্তাবনা ইতোমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।
মন্ত্রী জানান, টার্মিনালটি কোন ধরনের ব্যবস্থাপনায় চলবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাপনার বিষয়ই পরীক্ষা করে দেখা হচ্ছে। টার্মিনালকে সচল রাখতে যা কার্যকর বলে মনে হবে, সরকার সেই ব্যবস্থাপনাতেই এটি পরিচালনা করবে। এ বিষয়টি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) পরীক্ষা করে দেখছে।
নৌপরিবহন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম বন্দরের ১১, ১২ ও ১৩ নম্বর জেটি তিনটি ১৯৫০ সালের দিকে স্থাপন করা হয়। এরপর বিভিন্ন সময়ে সংস্কারের মাধ্যমে এগুলো সচল রাখা হলেও বর্তমানে একেবারেই অকার্যকর হয়ে পড়েছে। এ বিবেচনায় জেটি তিনটি তুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ তিনটি জেটির স্থানে বিকল্প হিসেবে কোন জেটি স্থাপন না করে একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। টার্মিনাল নির্মাণের বিষয়টি জুলাই, ২০০৭ থেকে জুন, ২০১১ সাল মেয়াদে প্রকল্পভুক্ত করা হয়। কিন্তু পরবর্তীতে তা অনুমোদন না হওয়ায় বিষয়টি স্থগিত হয়ে যায়।
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বন্দরে কাজে গতিশীলতা বাড়াতে নতুন করে বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা শুরু হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (চবক) এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। এজন্য প্রয়োজনীয় অর্থের লিকুইডিটি সনদও তারা ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয় থেকে পেয়েছে।
প্রস্তাবিত 'কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল নির্মাণ প্রকল্প' বাস্তবায়নকাল ধরা হয়েছে জুলাই, ২০১০ থেকে জুন, ২০১৪ সাল পর্যন্ত। প্রায় ৬০০ মিটার দীর্ঘ এ টার্মিনাল নির্মাণে প্রায় ৮২০ কোটি ৮৮ লাখ ৩০ হাজার টাকার প্রয়োজন হবে। ১১, ১২ ও ১৩ নম্বর জেটি তিনটি অপসারণ হলে এ জায়গা পাওয়া যাবে।
মন্ত্রণালয় থেকে জানা যায়, চবক ইতোমধ্যেই সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় টার্মিনাল পরিচালনার সুবিধা ও অসুবিধাগুলো চিহ্নিত করে মন্ত্রণালয়ে জমা দিয়েছে।
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, "সরকারি বা বেসরকারি যেকোন অপারেটর দিয়েই পরিচালনা করা হোক না কেন, তা আলোচনা করে নির্ধারণ করা হবে। তবে নতুন টার্মিনাল নির্মাণের ব্যাপারে সরকার আন্তরিক। শিগগিরই এটি নির্মাণের প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যেই এর প্রস্তুতি শুরু হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/পিডি/২০৫৬ ঘ.
bdnews24