ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের সফররত সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করবেন।
বাংলাদেশে দুদিনের সফরে শুক্রবার বিকালে তিনি ঢাকা পৌঁছান। তার সঙ্গে রয়েছেন স্ত্রী শেরি ব্লেয়ার।
বিকাল সাড়ে ৩ টায় একটি বিশেষ বিমানে টনি ব্লেয়ার ঢাকায় হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছালে পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস ও ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স তাকে স্বাগত জানান।
বাংলাদেশে টনি ব্লেয়ারের এটি দ্বিতীয় সফর। এর আগে ২০০২ সালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এক রাষ্ট্রীয় সফরে তিনি ঢাকা এসেছিলেন।
বিমান বন্দরে ব্লেয়ার দম্পতিকে স্বাগত জানানোর পর পররাষ্ট্র সচিব সাংবাদিকদের বলেন, টনি ব্লেয়ারের এই সফর (ব্যক্তিগত হলেও) বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে সাহায্য করবে। বাংলাদেশের ব্যাপারে সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রীর আগ্রহ রয়েছে।
তিনি জানান, শনিবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মণি এবং অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সঙ্গেও ব্লেয়ারের সাক্ষাতের কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, এবার ব্লেয়ার বাংলাদেশ সফরে এসেছেন এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এ বতৃতা দেওয়ার জন্য।
এ সফরে টনি ব্লেয়ারকে ঢাকায় ভিভিআইপি মর্যাদা ও নিরাপত্তা দেওয়া হচ্ছে। ঢাকায় অবস্থানকালে ব্লেয়ার দম্পতি থাকবেন বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের বাসভবনে।
টনি ব্লেয়ার ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ থেকে যেদিন পদত্যাগ করেন সেদিনই জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে মধ্যপ্রাচ্য দূত নিযুক্ত হন। এছাড়া পরিবেশ বিপর্যয় ও বৈশ্বিক উষ্ণতা কমাতে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।
তার স্ত্রী শেরি ব্লেয়ার একজন মানবাধিকার আইনজীবি। ২০০৮ সালে বিশেষ কারাগারে আটক থাকা অবস্থায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার আইনজীবী হিসেবে তিনি কাজ করেন।
এরপর গত জানুয়ারি মাসে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান-এ ফেলোশিপ প্রবর্তন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা সফর করেন শেরি ব্লেয়ার। সে সময়ে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
সফর শেষে রোববার সকালে ঢাকা ছেড়ে যাবেন ব্লেয়ার দম্পতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২৩৫০ঘ.
bdnews24