ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সারাদেশ থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্য থেকে ১০০০ বন্দির মুক্তি দেওয়া চলছে। ()
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টা থেকে কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৬১টি কারাগারে এই মুক্তি প্রক্রিয়া শুরু হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বৃহস্পতিবার প্রথম ধাপে ২৪ জন কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়। এছাড়া আরো কয়েকটি কারাগার থেকে মোট ২২৭ জন বন্দিকে মুক্তি দেওয়ার খবর পাওয়া গেছে।
এরমধ্যে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ১৩২ জন, সাতক্ষীরা কারাগার থেকে চারজন, কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে ৯০ জন এবং চাঁপাইনবাবগঞ্জ কারাগার থেকে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক বন্দিকে মুক্তি দেওয়া হয়।
শুক্রবারও দেশের বিভিন্ন কারাগার থেকে আরো ২৯৩ বন্দির মুক্তির খবর এসেছে।
এরমধ্যে রয়েছেন- চট্টগ্রামে ১১, রাজশাহীতে ৬০, সিলেটে ৫২, বরিশালে ৫২, রংপুরে ৫৯, ঠাকুরগাঁওয়ে ১০, বরগুনায় ৬, বাগেরহাটে ৯ ও বগুড়ায় ৩৪ জন।
ঠাকুরগাঁওয়ের ১০ জনের মধ্যে দুইজন ভারতীয় নাগরিক রয়েছেন। তাদের মুক্তি দিয়ে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। হাইকমিশনের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হবে।
এদিকে বগুড়ার শেরপুর উপজেলার কালিচরণ সিং নামের এক বন্দির বিরুদ্ধে অন্য একটি মামলা থাকায় তাকে মুক্তি দেওয়া হয়নি। তাকে হাজতী হিসেবে রাখা হয়েছে। অপর মামলাটিতে জামিন পেলে ছাড়া হবে বলে বগুড়া জেল কর্তৃপক্ষ জানায়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে যারা ২০ বছর সাজা ভোগ করেছেন তাদের মধ্যে ১০০০ বন্দিকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। যাবজ্জীবন সাজার মেয়াদ হচ্ছে ৩০ বছর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম কার্যালয় ও জেলা প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
চট্টগ্রাম: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ১১ জন।
এ কারাগার থেকে ১৪ বন্দির মুক্তি পাওয়ার কথা। কিন্তু এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একজন সিলেট কারাগারে এবং অন্যজনের ঠিকানা সংক্রান্ত ত্র"টি থাকায় তাদের মুক্তি দেওয়া যায়নি।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আলতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১১টায় ১১ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। কাগজপত্র দেরিতে পৌঁছানোর কারণে তাদের বৃহস্পতিবার মুক্তি দেওয়া যায়নি।
সিলেট কারাগারে আটক ওই বন্দিকে সেখান থেকে মুক্তি দিতে বলা হয়েছে বলেও তিনি জানান।
রাজশাহী: রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে ৬০ জন মুক্তি পেয়েছেন।
জেল সুপার পার্থ গোপাল বণিক সাংবাদিকদের জানান, সকাল ১০টা থেকে কয়েক দফায় তাদের মুক্তি দেওয়া হয়। এদের মধ্যে চারজন নারী করাবন্দিও রয়েছেন।
সিলেট: কেন্দ্রীয় কারাগার থেকে দুপুরে ৫২ জন বন্দি মুক্তি পেয়েছেন। এদের মধ্যে একজন মহিলাও আছেন।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার নেসার আলম জানান, বেলা ১২টায় জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম'র উপস্থিতিতে একজনকে মুক্তি দেওয়ার মাধ্যমে বন্দিমুক্তি শুরু হয়। শেষ হয় বেলা ১টা ৪৫ মিনেটে।
খুলনা: খুলনা জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন ছয় জন। বেলা একটায় তাদের একসঙ্গে মুক্তি দেওয়া হয়।
জেল সুপার মো. শাহ আলম খান জানান, মুক্তিপ্রাপ্তরা সবাই ছিলেন হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত।
বরিশাল: বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে ৫২ জনকে। এরমধ্যে তিনজন নারীও রয়েছেন।
মুক্তিপ্রাপ্তদের মধ্যে ৪৫ জন হত্যা মামলা, পাঁচজন অপহরণ এবং দুইজন নারী নির্যাতন মামলার আসামি।
রংপুর: রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে দপুরে ৫৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে। এরমধ্যে ৬ জন মহিলাও রয়েছেন।
সিনিয়র কারা পরিদর্শক রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, হত্যা, নারী নির্যাতন ও ডাকাতি মামলায় এরা আটক ছিলেন।
ঠাকুরগাঁও: জেলা কারাগার থেকে সকালে ১০ জন মুক্তি পেয়েছেন। এদের মধ্যে একজন মহিলা এবং দুইজন ভারতীয় নাগরিকও রয়েছেন।
জেল সুপার ইসমাইল হোসেন জানান, মুক্তিপ্রাপ্তদের মধ্যে দু'জন ভারতীয় হলেন- চৈত ু(৬০) ও পালানু (৫৮)। ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ওইদেশে হস্তান্তর করা হবে। তাদের আপাতত নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে।
বরগুনা: দুপুরে জেলা কারাগার থেকে ছয়জনকে মুক্তি দেওয়া হয়েছে। এরমধ্যে একজন মহিলাও রয়েছেন।
ডেপুটি জেলার আমিনুল ইসলাম জানান, রেয়াতসহ ২০ বছরের বেশি সাজা ভোগকারী এই ছয়জনকে মুক্তি দেওয়া হয়েছে।
বাগেরহাট: জেলা কারাগার থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় নয়জনকে মুক্তি দেওয়া হয়েছে।
ডেপুটি জেলার সৈয়দ হাসান আলী বলেন, কারা অধিদপ্তরের আদেশ পেয়ে এসব বন্দিদের মুক্তি দেওয়া হয়।
বগুড়া: জেলা কারাগার থেকে ৩৪ জনকে মুক্তি দেওয়া হয়েছে।
জেল সুপার ফরমান আলী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় ৩৫ জনের মুক্তির চিঠি পান। মুক্তি দেওয়া হয় ৩৪ জনকে। বগুড়ার শেরপুর উপজেলার কালিচরণ সিংয়ের বিরুদ্ধে অন্য একটি মামলা থাকায় তাকে মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
এখন তাকে হাজতী হিসেবে রাখা হয়েছে। ওই মামলায় জামিন পেলেই তাকে ছেড়ে দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/ডিডি/২১৪৫ ঘ.
bdnews24