২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে আনসারের গুলিতে দুজন আহত

নগরীর সূত্রাপুরে একটি বাড়ির দখলকে কেন্দ্র করে শুক্রবার সকালে আনসার সদস্যদের গুলিতে দুজন আহত হয়েছে। আরো তথ্যসহ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2010, 04:11 AM

Updated : 25 Aug 2022, 06:29 PM

ঢাকা, অগাস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সূত্রাপুরে একটি বাড়ির দখলকে কেন্দ্র করে শুক্রবার সকালে আনসার সদস্যদের গুলিতে দুজন আহত হয়েছে। পুলিশ বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার সদস্যরা ফাঁকা গুলি চালায়। এতে রিপন (২৪) ও কুলসুম (৪৫) নামের দুজন গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা জানিয়েছে, গুলিবিদ্ধ দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৫৭-স্বামীবাগের দ্বোতলা বাড়ি নিয়ে বিরোধ চলছিলো। রূপায়ন হাউজিং কোম্পানী এখানে একটি বহুতল ভবন নির্মাণ করছে। বৃহস্পতিবার এক পক্ষ সেখানে আনসার মোতায়েন করে। পরে সেখানে রাতে একটি প্রাচীর নির্মাণ করা হয়। তিনি বলেন, শুক্রবার সকালে অপরপক্ষ ওই প্রাচীর ভাঙতে যায়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনসার সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। এতে দুজন আহত হয়েছে। বিকালে রিপনের বড়ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে দুই আনসার সদস্য এবং রূপায়ন হাউজিং কোম্পানীর কর্মকর্তাসহ মোট ছয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। অন্যদিকে আনসারের প্লাটুন কমান্ডার আক্কাছ আলী অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করে পাল্টা একটি মামলা করেন। ওসি নজরুল ইসলাম জানান, আনসার ক্যাম্পটি প্রত্যাহার এবং মাহবুব ও রেজাউল নামে দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইটি/এএনএস/এজে/এইচএ/২০১৫ ঘ.