ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তি বাতিল করে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসতে বলেছে সরকার।
স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান শিকদার বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।
তবে বৃহস্পতিবার পর্যন্ত এ সংক্রান্ত কোন সরকারি আদেশ জারি করা হয়নি।
সাময়িক মুক্তিতে থাকা কোকো ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন। গত ১৪ অগাস্ট তার সাময়িক মুক্তির মেয়াদ শেষ হয়। এ মেয়াদ বাড়াতে কোকোর করা আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র সচিব বৃহস্পতিবার বলেন, "আরাফাত রহমান কোকোর সাময়িক মুক্তির মেয়াদ আরো বাড়ানোর যে আবেদন করা হয়েছিল সরকার তা না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়। শিগগির এ ব্যাপারে সরকারি আদেশ জারি করা হবে।"
কোকোকে সাতটি শর্তে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল জানিয়ে আবদুস সোবহান বলেন, "এতে শর্ত হিসেবে ছিল, তিনি যে দেশেই চিকিৎসাধীন থাকবেন সে দেশের বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ রাখবেন। প্রতি তিনদিন পরপর তিনি তার অবস্থানের বিষয়ে দূতাবাসকে অবহিত করবেন।
"কিন্তু কোকো দীর্ঘদিন ধরেই ব্যাংককে বাংলাদেশ দূতাবাসে কোন যোগাযোগ রাখছেন না বলে সেই দেশের দূতাবাস থেকে তথ্য পাওয়া গেছে। একইসঙ্গে কোকো বর্তমানে ব্যাংককে রয়েছেন, এমন কোনো তথ্যও দূতাবাস অথবা মন্ত্রণালয়ের কাছে নেই।"
সচিব জানান, এসব বিবেচনায় তার সাময়িক মুক্তির মেয়াদ না বাড়িয়ে তাকে ৩১ অগাস্টের মধ্যে দেশে ফিরে আসার নির্দেশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
২০০৭ সালের ২ সেপ্টেম্বর কোকোকে গ্যাটকো দুনীর্তি মামলায় গ্রেপ্তার করা হয়।
২০০৮ সালের মে মাসে তাকে সাময়িক মুক্তি দিয়ে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমোদন দেওয়া হয়। এরপর থেকেই নিয়মিত আবেদন করে এ মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছিল।
২০০৯ সালের ১৭ মার্চ কাফরুল থানায় কোকো এবং সায়মনের বিরুদ্ধে অর্থপাচারের একটি মামলা করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারি পরিচালক আবু সাইদ।
মামলায় তাদের বিরুদ্ধে ৯ লাখ ৩২ হাজার ৬৭২ মার্কিন ডলার এবং ২৮ লাখ ৮৪ হাজার ৬০৪ সিঙ্গাপুর ডলার পাচারের অভিযোগ আনা হয়। অভিযোগে উল্লেখ করা পাচার করা অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি টাকার সমতুল্য।
ওই বছর ১২ নভেম্বর এ মামলায় তাদের বিরুদ্ধে মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/২১১৫ ঘ.
bdnews24