ময়মনসিংহ, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ময়মনসিংহের ত্রিশালে বৃহস্পতিবার যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে শিশুসহ চারজন নিহত হয়েছে।
আহত হয়েছে কমপক্ষে ৫০ জন।
পুলিশ জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় উকিলবাড়ি এলাকায় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুমড়ে-মুচড়ে যাওয়া বাস দুটি মহাসড়কের মাঝখানে পড়ে থাকায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
নিহতরা হলেন- একটি বাসের চালক শেরপুরের নূর মোহাম্মদ (৪০), যাত্রী জামালপুরের আব্দুল মজিদের ছেলে মুন্না (৯), ত্রিশালের কুষ্টিয়া গ্রামের মাইজুল ইসলামের স্ত্রী লাইলী (৩৫) ও কিশোরগঞ্জের হোসেনপুর এলাকার নিজাম উদ্দিন (৩৫)।
ত্রিশাল থানার ওসি ফিরোজ তালুকদার সাংবাদিকদের জানান, শেরপুরগামী ড্রিমল্যান্ড পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব-১১-৪৫৭৭) সঙ্গে ধোবাউড়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ছোঁয়া পরিবহনের বাসের (ঢাকা মেট্রো ব-১৪-৪৮৭৮) সংঘর্ষ হয়।
এসময় পিছন থেকে আরো একটি বাস ধাক্কা দেয়।
ঘটনাস্থলেই ড্রিমল্যান্ড পরিবহনের বাসচালক নূর মোহাম্মদ ও মুন্না নামের শিশুটি মারা যায়।
আহতদের মধ্যে ৪২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মারা যান লাইলী ও নিজাম।
দুটি বাসের সামনের অর্ধেক অংশ দুমড়ে-মুচড়ে যাওয়ায় বেশিরভাগ যাত্রীই ভেতর আটকা পড়ে।
ওসি জানান, ত্রিশাল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ড্রিমল্যান্ড গাড়ি কেটে চালকের মৃতদেহ বের করে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আহতরা হলেন- আব্দুল মজিদ (৩০), আলতাব হোসেন (৩৫), হাবিব (১৮), মাইজুল ইসলাম (৪০), মোশারফ হোসেন (৩০), গোলাম মোস্তফা (৪০), ছোটন (২০), সুমন (২৫), হাসান (১৬), রাজন (১৮), ফজলুর রহমান (৩৭), আব্দুস মান্নাস (৪৫), নবী হোসেন (১০), আব্দুল মোতালেব (৫৮), হারুন অর রশিদ (২৫), আব্দুল মোতালেব (৩৫), বাবুল (৫০), সিদ্দিুকুর রহমান (২৮), আব্দুস সাত্তার (৩৮), গোলাপ হোসেন (৩২), শাজাহান (৩৩), আম্বিয়া (২২), নিরব (৫), লাকী (৫), আলেয়া (৩০), নার্গিস (১৬), সিদ্দিক (২২), আলীম উদ্দিন (২৬), আলমগীর (২২), আব্দুল মোতালেব (৫০), জোসনা (৪০), শারমিন (১২), জরিনা (৪০), মিতু (১৮), লিপি (১১), ঝরনা (২৫), আমেনা (৫০), রাসেল (৩), মোশারফ (৫)।
আহতদের অধিকাংশই ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও শেরপুর জেলার বাসিন্দা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএএ/এমএসবি/১৯৫৯ ঘ.
bdnews24