ঢাকা, অগাস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-বাংলাদেশ থেকে সিঙ্গাপুর ৪০ হাজার গৃহকর্মী নিয়োগ করবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার সিঙ্গাপুরের অ্যাসোসিয়েশন অব এমপ্লয়মেন্ট এজেন্সিজের (এইএ) একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাত করে তাদের এই চাহিদার কথা জানায়।
এক সরকারি তথ্যবিবরণীতে বলা হয়, এ নিয়োগ প্রক্রিয়া আগামী ৩ মাসের মধ্যে শুরু হবে।
গৃহকর্মীদের বেতন নির্ধারণ করা হচ্ছে ২৫০ ডলার।
কর্মীদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণী পাস হতে হবে।
প্রাথমিকভাবে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে বাছাই করে এই ৪০ হাজার গৃহকর্মী পাঠানো হবে।
এ বিষয়ে শিগগিরই সিঙ্গাপুরের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি সই হবে বলে তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।
প্রতিনিধি দলটি জানায়, সিঙ্গাপুরে প্রাথমিকভাবে ১ লাখ ৯০ হাজার গৃহকর্মীর চাহিদা রয়েছে। এর মধ্যে দেশটি বাংলাদেশ থেকে প্রায় ৪০ হাজার গৃহকর্মী নিয়োগ করতে আগ্রহী। পর্যায়ক্রমে এ সংখ্যা বাড়ানো হবে।
প্রবাসী কল্যাণ মন্ত্রী সিঙ্গাপুরের অন্যান্য খাতেও এদেশ থেকে কর্মী নিয়োগের জন্য প্রতিনিধিদলকে অনুরোধ জানান।
এইএ-এর প্রেসিডেন্ট সার্লি এন সিও পেং এর নেতৃত্বে চার সদস্যের এই প্রতিনিধি দলের অন্যরা হলেন জনি লি, হুয়া টেন লিন ও সুমিয়া লাখা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসএএ/১৮০৮ ঘ.
bdnews24