রাজশাহী, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্্রার ও অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার পৃথক দুটি মামলা হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. আমিনুল হক বাদি হয়ে রাজশাহীর জ্যেষ্ঠ জজ আদালতে মামলা দু'টি করেন।
বিচারক মো. ইমদাদুল হক দুই মামলায় উপাচার্য, রেজিস্ট্রার ও এগ্রোনমি বিভাগের সভাপতির বিরুদ্ধে সমন জারি করেছেন।
আদালত আগামী ২৬ অগাস্ট মামলা দু'টির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে।
একটি মামলায় অভিযোগ করা হয় আমিনুল হকের অর্জিত ছুটি মঞ্জুর ও জাপান যাওয়ার অনুমতি (এনওসি) দিতে আদালতের দেওয়া নির্দেশ অমান্য করা হয়েছে।
এ মামলায় রাবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান ও রেজিস্ট্রার এম এ বারীকে বিবাদি করা হয়েছে।
অপর মামলায় অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সভাপতি হিসেবে ড. হাসান তারীকের নিয়োগ কার্যকরের ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এ মামলায় বিবাদি করা হয় উপাচার্য, রেজিস্ট্রার ও হাসান তারীককে।
বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসক ড. আনিসুর রহমান ও রেজিস্ট্রার এম এ বারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ সংক্রান্ত কোনো নোটিশ এখনো বিশ্ববিদ্যালয়ে পৌঁছেনি। নোটিশ পেলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।
৯০ দিনের অর্জিত ছুটি মঞ্জুর ও জাপান যাওয়ার অনুমতি না দেওয়ায় গত ২১ জুন উপাচার্য ও রেজিস্ট্রারের বিরুদ্ধে একই আদালতে একটি মামলা করেন অধ্যাপক আমিনুল।
ওই মামলায় গত ৯ অগাস্ট বাদির আবেদন অনুযায়ী অর্জিত ছুটি মঞ্জুরসহ জাপান যাওয়ার অনুমতি দিতে ৪৮ ঘণ্টার মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে আদালতকে জানানোর নির্দেশ দেওয়া হয়।
গত বছরের ২৩ সেপ্টেম্বর অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের শিক্ষক ড. হাসান তারীককে সভাপতি নিয়োগ দেওয়ায় উপাচার্য, রেজিষ্ট্রার ও সভাপতির বিরুদ্ধে তিনি একটি মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয় জ্যেষ্ঠ শিক্ষক ড. আমিনুল হককে বাদ দিয়ে সভাপতি হিসেবে ড. হাসান তারীককে নিয়োগ দেওয়া হয়েছে।
অধ্যাপক আমিনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাপানের সাগা বিশ্ববিদ্যালয় থেকে তিন মাসের একটি সেমিনারে অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামি ১০ সেপ্টেম্বর তার জাপান যাওয়ার কথা।
২০০০-২০০৩ শিক্ষাবর্ষে তিনি ওই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
তিনি অভিযোগ করেন, সেমিনারে যোগ দিতে বিভাগীয় সভাপতির মাধ্যমে ছুটি ও জাপান যাওয়ার অনুমোদন চেয়ে আবেদন করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ছুটি দেয়নি।
রাজনৈতিক কারণে কর্তৃপক্ষ তার আবেদন অগ্রাহ্য করেছে বলে তিনি অভিযোগ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯৩৬ ঘ.
bdnews24