ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-আগামী ২৫ অগাস্ট থেকে দেশে প্রথমবারের মতো ওয়াটার বাস চালু হচ্ছে। এজন্য প্রয়োজনীয় প্রস্তুতি চূড়ান্ত করেছে নৌ-পরিবহন মন্ত্রণালয় ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)।
তুরাগ ও বুড়িগঙ্গা নামে দেশি প্রতিষ্ঠানের তৈরি এ দুটি ওয়াটার বাস ইতোমধ্যেই পরীক্ষামূলকভাবে পানিতে নামানো হয়েছে। নির্মাতা প্রতিষ্ঠান থ্রি-এ্যাঙ্গেল মেরিন কনসালটেন্ট বৃহস্পতিবার বাস দু'টি বিআইডব্লিউটিসি'র কাছে হস্তান্তর করবে।
ভাড়া ও চলাচলের সময়সূচি চূড়ান্ত করে ওয়াটার বাস দু'টি চালু করা হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান।
সচিবালয়ে নিজ দপ্তরে বুধবার নৌমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকার যানজট নিরসনে নৌপথে এ দুটি বাস চালু করা হচ্ছে। পরবর্তীতে জনপ্রিয়তা ও যাত্রী পেলে শীঘ্রই আরো বাস তৈরি এবং ঢাকার চারদিকের নৌপথে তা চালু করা হবে।"
তিনি জানান, ঢাকার চারদিকে বিভিন্ন নদ-নদীর ওপর ১৩টি কম উচ্চতার সেতু রয়েছে। তাই চারদিকের নৌ-পথে এ বাস চলাচল সম্ভব হবে না। এসব সেতুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরকে বলা হয়েছে। তারা এগুলোর সংস্কার বা ভেঙ্গে ফেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
নৌ-মন্ত্রী জানান, ঢাকার সদরঘাটের সোয়ারিঘাট টার্মিনাল থেকে আমিনবাজার পর্যন্ত অভ্যন্তরীণ রুটে ওয়াটার বাস দু'টি চলবে। এর মোট দূরত্ব হবে প্রায় ১৬ দশমিক ৫০ কিলোমিটার। সদরঘাট ও আমিনবাজার ছাড়া খোলামোরা, নবাবের বাগ, বশিলা, রায়েরবাজার ও গাবতলীতে এর স্টপেজ থাকবে। এসব স্থানে যাত্রী ওঠানামা করবে।
বিআইডব্লিউটিসি'র নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, তুরাগ ও বুড়িগঙ্গা নামের এ দুটি ওয়াটার বাস তৈরিতে এক কোটি ১১ লাখ ৫০ হাজার টাকা ব্যয় হয়েছে। এগুলো ৩৮ দশমিক ৩৮ ফুট দীর্ঘ, ১১ দশমিক ৪৮ ফুট প্রস্থ ও চার দশমিক ৬০ ফুট গভীরতা সম্পন্ন।
এগুলোর প্রতিটির যাত্রী ধারণ ক্ষমতা ৩৫ জন। প্রতি ঘন্টায় ৩০ লিটার তেলে ১২ নটিক্যাল মাইল বা ২২ দশমিক ৪৮ কিলোমিটার বেগে চলাচল করবে।
জিয়াউল ইসলাম জানান, ইউরোপ থেকে দু'টি ওয়াটার বাস আমদানি করতে সরকারের খরচ হতো ন্যুনতম চার কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমইউএস/এসএএ/১৯১৪ ঘ.
bdnews24