২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভটিজিংয়ের শিকার স্কুলছাত্রীকে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী

ইভটিজিং এর শিকার স্কুলছাত্রীকে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পুলিশের আইজি নূর মোহাম্মদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শহিদুল হক বুধবার দুপুরে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় তার বাসায় যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 10:43 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইভটিজিং এর শিকার স্কুলছাত্রীকে দেখতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, পুলিশের আইজি নূর মোহাম্মদ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শহিদুল হক বুধবার দুপুরে খিলক্ষেতের নিকুঞ্জ এলাকায় তার বাসায় যান। সাহারা খাতুন ওই পরিবারকে সব ধরনের নিরাপত্তার আশ্বাস দেন। ইভটিজিংকে কেন্দ্র করে খিলক্ষেতে মঙ্গলবার রাতে একদল বখাটের হামলায় চার পুলিশসহ প্রায় আটজন আহত হয়েছে। এ সময় পুলিশের একটি পিস্তল ও দুটি ওয়াকিটকি খোয়া যায়। পরে অবশ্য ওয়াকিটকি দুটি উদ্ধার করা হয়েছে। উত্তরার একটি কারিগরী বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী পুলিশের সহায়তা চেয়ে মঙ্গলবার রাতে পুলিশের কাছে ফোন করে। সে নিকুঞ্জ এলাকার বাসিন্দা। পুলিশ নিকুঞ্জ এলাকার ১৮ নম্বর সড়ক থেকে রাত সাড়ে বারোটার দিকে রাজন নামে একজনকে গ্রেপ্তার করে। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "পুলিশের ওপর হামলা ও মেয়েদের উত্যক্ত করার ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। এ ঘটনার সঙ্গে আরো কেউ জড়িত থাকলে তাদের গ্রেপ্তার করা হবে।" তারা যে দলেরই হোক না কেন তাদের শাস্তি দেওয়া হবে বলে মন্ত্রী জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নাম ভাঙিয়ে কেউ কেউ ইভ টিজিংসহ জায়গা জমি দখলের কাজে লিপ্ত রয়েছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।" তিনি বলেন, "মঙ্গলবার রাতের এ ঘটনার সঙ্গে জড়িতরা অত্যন্ত দুর্ধর্ষ। কারণ, তারা পুলিশের পিস্তল ছিনিয়ে নিয়ে গেছে।" পরে মন্ত্রী নিকুঞ্জ মেডিটেক জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন চার পুলিশ সদস্যকে দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজখবর নেন। তাদের সঠিক চিকিৎসার আশ্বাস দেন। আহত পুলিশ সদস্যরা হলেন- খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) দ্বীন-ই আলম, উপপরিদর্শক (এসআই) হাবিবুল ইসলাম, কনস্টেবল জাকির হোসেন এবং কনস্টেবল (চালক) মো. ইমদাদ। ইব্রাহীম হত্যার ব্যাপারে সাংসদ নুরুন্নবী শাওন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে মন্ত্রী বলেন, "এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তে যাদের নাম পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমইউএস/কেএমএস/১৬৪২ ঘ.