সিলেট, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটে পৃথক অভিযান চালিয়ে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ছাত্র শিবিরের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
প্রেপ্তারকৃতরা হলেন- সিলেট জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও জামায়াত নেতা আব্দুল করিম জলিল (৪০) ও মহানগর ছাত্র শিবির নেতা মহিউদ্দিন জাকারিয়া (২৬)।
কোতোয়ালী থানার উপপরিদর্শক (এসআই) খসরুল আলম বাদল বলেন, বুধবার ভোর রাতে আব্দুল করিমকে শহরতলীর মিরাপাড়া এলাকা ও মহিউদ্দিনকে নগরীর কাজলশাহ এলাকায় তাদের বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালতের নির্দেশে দুজনকে কারাগারে পাঠানো হয়েছে।
গত ১০ অগাস্ট নগরীর বন্দরবাজার এলাকায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
ওই দিনের সংঘর্ষে চার পুলিশসহ ১০ জন আহত হয়।
এ ঘটনায় পুলিশ মহানগর জামায়াতের নায়েবে আমির ও সহকারী সেক্রেটারিসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা করে। মামলায় অজ্ঞাত আরো ৫-৬শ জনকে আসামি করা হয়।
খসরুল আলম বাদল জানান, স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ দেখে ওই সংঘর্ষের সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি সনাক্ত করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/আরএ/১৬১৯ ঘ.
bdnews24