শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-নিয়মিত হকারের বাইরে রমজানের শুরুতেই রাজধানীর ফুটপাত দখলে নিয়ে নিয়েছে 'মৌসুমী' হকাররা।
রাতে বেচাবিক্রির সুবিধার জন্য এসব হকারের বেশিরভাগই অবৈধ বিদ্যুতের সংযোগ নিচ্ছে।
'লাইনম্যান' পরিচয় দিয়ে কিছু চাঁদাবাজ এসব অবৈধ বিদ্যুৎ সংযোগ দিয়ে বড় অংকের টাকা হাতিয়ে নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এসব তথ্য।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ইজাজ হোসেন বলেন, "এমনিতেই দেশে বিদ্যুৎ সংকট চলছে। তার উপর রমজানে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। এ সময় হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ায় চাপ আরো বেড়েছে।"
ইজাজ হোসেন হিসাব করে দেখান-যদি এক লাখ হকার প্রতিদিন রাতে ৪ থেকে ৫ ঘন্টা ১০০ ওয়াটের বাতি ব্যবহার করে তাহলে প্রায় ১০ মেগাওয়াট বিদ্যুৎ খরচ হয়। এরপর হকারের সংখ্যার উপর নির্ভর করবে কতটা বিদ্যুৎ প্রতিদিন চুরি হয়ে যাচ্ছে।
রাজধানীর বিভিন্ন ব্যস্ততম এলাকা ঘুরে দেখা যায় বিদ্যুতের লাইনম্যান নামে পরিচিত অবৈধ সংযোগকারীরা নানা কৌশলে এ সংযোগ দিয়ে যাচ্ছে। এ জন্য হকারপ্রতি দৈনিক ৩০ থেকে ২০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করছে তারা।
কর্তৃপক্ষ অভিযান চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন করার কিছুক্ষণের মধ্যেই আবারো সংযোগ পেয়ে যাচ্ছে ফুটপাতের এসব ব্যবসায়ী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিউমার্কেট ও এলিফ্যান্ট রোড এলাকায় কয়েক হাজার হকারের বেশিরভাগই অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছে।
ঢাকা কলেজের সামনে ফুটপাতে বসেন আজমত মিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, বিদ্যুতের সংযোগ নিতে তাকে এক হাজার টাকা দিতে হয়েছে। আর প্রতিদিন দিতে হয় ৫০ টাকা করে। স্থানীয় লাইনম্যান হিসেবে পরিচিত খালেক এ টাকা সংগ্রহ করে বলেও জানান তিনি।
কোন কোন এলাকায় সরাসরি বৈদ্যুতিক খুঁটি থেকে এ সংযোগ দেওয়া হচ্ছে। আবার কোন এলাকায় পাশ্ববর্তী দোকান থেকে সংযোগ নেওয়া হচ্ছে।
নয়াপল্টন এলাকার ফুটপাত হকার হাশেম আলী জানান, লাইনম্যানদের টাকা দিয়ে বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছে। আর এজন্য তাকে দৈনিক ১০০ টাকা করে ভাড়া দিতে হয়। তবে স্থানভেদে এ ভাড়ার পরিমাণ কম-বেশি হয়ে থাকে।
মিরপুর-১০ নম্বর গোলচত্বরের সামনে ফুটপাত পোশাক ব্যবসায়ী আলফাজ জানান, প্রায় বছর তিনেক ধরে তিনি এভাবে বিদ্যুৎ সংযোগ নিচ্ছেন। অনেক ফুটপাত ব্যবসায়ী আশপাশের দোকান থেকে সংযোগ নিয়ে ব্যবসা করছে। এজন্য সংশ্লিস্ট দোকানের পাশাপাশি লাইনম্যানদেরও টাকা দিতে হয়।
গুলিস্তান ও সদরঘাট এলাকার ফুটপাত ব্যবসায়ীরা জানান, সবসময়ই হকারদের কাছে 'লাইনম্যান'রা বিদ্যুৎ বিক্রি করে টাকা নেয়। তবে রমজানে এই টাকার পরিমান কয়েকগুণ বেড়ে গেছে।
রমজানে বিদ্যুৎ চুরি বেড়ে যাওয়ার কথা স্বীকার করেন ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এফ এম ফরিদুল হক।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে তিনি বলেন, "পাশ্ববর্তী দোকান বা বৈদ্যুতিক লাইন থেকে হকাররা অবৈধ বিদ্যুৎ সংযোগ নিচ্ছে। আমরা প্রতিদিনই এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চালাচ্ছি।"
খোঁজ নিয়ে জানা যায়, প্রতি এলাকায় প্রায় ১০/১২ জন লাইনম্যান রয়েছে। তাদের এলাকাও ভাগ করা আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক গুলিস্থান এলাকার এক লাইনম্যান জানান, উর্দ্ধতন কর্তৃপক্ষের 'মনরক্ষা' করে চলা হয় বলে এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হলেও তা স্থায়ী হয় না।
এ প্রসঙ্গে ডিপিডিসির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এফ এম ফরিদুল হক বলেন, "আমাদের কোন কর্মচারি বা কর্মকর্তা এ কাজ করার সাহস পাবে না। স্থানীয় লোকজন ভূয়া পরিচয় দিয়ে অবৈধ সংযোগ দিতে পারে।"
ফুটপাত দখলে একশ্রেণীর সন্ত্রাসীর সঙ্গে পুলিশেরও যোগসাজশের অভিযোগ পাওয়া যায়।
এ বিষয়ে কথা বলার জন্য যোগাযোগ করা হলে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
ঢাকা সিটি করপোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবছরই রমজানে অতিরিক্ত হকার বসে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে বলা হচ্ছে। "
রমনা জোনের উপপুলিশ কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, "আমার এলাকায় অতিরিক্ত হকার বসলে তা উচ্ছেদ করা হবে। আর এসব হকারদের কাছ থেকে কেউ চাঁদা আদায় করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এসব ব্যাপারে অভিযোগ আসলেই কেবল পদক্ষেপ নেওয়া যাবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/১৫০৭ ঘ.
bdnews24