খুলনা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনা মহানগরীর রূপসা শিল্পাঞ্চলে দাদা ম্যাচ ফ্যাক্টরি বুধবার সকাল থেকে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কোনো প্রকার আলোচনা ছাড়াই ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করায় শ্রমিক-কর্মচারিদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
ফ্যাক্টরি বন্ধের প্রতিবাদে বেলা সাড়ে ১১টা থেকে কয়েক দফা বিক্ষোভ মিছিল করেছে শ্রমিক-কর্মচারিরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ফ্যাক্টরি এলাকায় সকাল ৭টা থেকেই বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
দাদা ম্যাচ ফ্যাক্টরির মহাব্যবস্থাপক মো. মাহবুবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আর্থিক অনটনের কারণে ফ্যাক্টরির উৎপাদন অব্যাহত রাখা সম্ভব না হওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি শ্রমিকদের টার্মিনেট করা হয়েছে।"
দাদা ম্যাচ ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম শাহাদাৎ বলেন, "শ্রমিকদের সঙ্গে কোনো প্রকার আলাপ-আলোচনা ছাড়াই কর্তৃপক্ষ হঠাৎ করে উৎপাদন বন্ধ করে দিয়েছে এবং ৪০০ স্থায়ী শ্রমিককে টার্মিনেট করেছে।
তিনি বলেন, "এটি শ্রম আইনের সম্পূর্ণ পরিপন্থী। শ্রম আইনের ২৬ ধারা অনুযায়ী কোনো শ্রমিককে টার্মিনেট করলে এক মাসের মধ্যে তাদের সব পাওনা পরিশোধ করে তারপর ফ্যাক্টরি বন্ধ ঘোষণা করতে হবে।"
শ্রমিক নেতা শাহাদাৎ আরো বলেন, "৪০০ স্থায়ী শ্রমিকের ১০ মাসের মজুরি বাবদ ৭০ লাখ টাকা পাওনা রয়েছে। এছাড়াও বিভিন্ন তহবিলের প্রায় ৫ কোটি টাকা বকেয়া রয়েছে।"
১৯৫৬ সালে খুলনার রূপসা শিল্পাঞ্চলে দাদা ম্যাচ ফ্যাক্টরি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৪ সাল থেকে এ প্রতিষ্ঠানটি ভাইয়া গ্র"প অব ইন্ডাষ্ট্রিজের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৩৪৪ ঘ.
bdnews24