২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইব্রাহীম হত্যা: সাংসদ শাওনের বিরুদ্ধে মামলা

যুবলীগ কর্মী ইব্রাহীমকে হত্যার অভিযোগ এনে ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী শাওনের বিরুদ্ধে মামলা হয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2010, 07:05 AM

Updated : 25 Aug 2022, 06:28 PM

ঢাকা, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবলীগ কর্মী ইব্রাহীমকে হত্যার অভিযোগ এনে ভোলা-৩ আসনের আওয়ামী লীগের সাংসদ নুরুন্নবী শাওনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সকালে ঢাকা মহানগর মুখ্য হাকিম আদালতে মামলাটি দায়ের করেছেন ইব্রাহীমের ছোট ভাই মাসুম আহমেদ। অভিযোগ গ্রহন করে এ ব্যাপারে শেরে বাংলা নগরে দায়ের করা অপমৃত্যু মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পুলিশের প্রতি আদেশ দিয়েছে মহানগর আদালত। বুধবার সকালে মহানগর হাকিম সাহাদাৎ হোসেন এই আদেশ দেন। আদালতের আদেশে আরো বলা হয়, অপমৃত্যু মামলার তদন্ত প্রতিবেদন আসার পর এই মামলাটির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে। অভিযোগকারীর পক্ষে আইনজীবী এনামুল হক খান এনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নুরুন্নবী শাওনসহ ৮ জনের নাম আর্জিতে দেওয়া হয়েছে। এছাড়া সেখানে আরও কয়েকজন অজ্ঞাত ব্যক্তির কথা বলা হয়েছে।" সাংসদ নুরুন্নবী শাওন ছাড়া অন্য অভিযুক্তরা হলেন শাওনের দেহরক্ষী দেলোয়ার হোসেন, গাড়ি চালক কামাল হোসেন, লাশবহনকারী গাড়ির চালক মাজহারুল ইসলাম মিঠু, মিজান, জীবন, লিটন ও আলম। এর আগে বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে সাংসদ শাওনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় মহানগর মূখ্য হাকিম আদালতে। আরজিতে বাদি বলেন, "অভিযুক্তরা বিভিন্ন সময়ে তার ভাই ইব্রাহীম আহমেদকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে শেষ করে দেয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের পরিকল্পনা করে। "ইব্রাহীম আহমেদ আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ৫৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিতে থাকলে শাওন তাকে ভোলার তজুমদ্দিন এলাকায় যুবলীগের রাজনীতি করতে বলেন। এ নিয়ে তাদের মধ্যে ঠান্ডা মতবিরোধ সৃষ্টি হয়।" বাদি বলেন, "এর পরেও ইব্রাহীম আহমেদ সবসময় নূরুন্নবী শাওনের সঙ্গে চলাফেরা করতেন। ঘটনার দিনগত রাত আনুমানিক রাত ৮ টার দিকে তিনি ইব্রাহীমের অসুস্থতার খবর পান। মোবাইল ফোনে খবর পেয়ে সাক্ষীরাসহ বাদি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে হাজির হন। "বাদিদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত লোকরা হাসপাতালের প্রবেশ পথ থেকে পালিয়ে যায়। পরে বাদি শুনতে পান যে, ওই লোকদের মধ্যে শাওনও উপস্থিত ছিলেন। কর্তব্যরত চিকিৎসক তাকে জানান, অজ্ঞাত কয়েকজন লোক ইব্রাহীমকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।" "অভিযুক্ত কামাল হেসেন নিজে শেরেবাংলা নগর থানায় বাদির ভাইয়ের খুনের ব্যাপারে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। ওই অপমৃত্যু মামলায় বর্ণিত বক্তব্যে বাদির সন্দেহ ঘনীভূত হয়েছে যে, এটি একটি সুপরিকল্পিত হত্যাকান্ড। সাংসদ শাওন এবং কামাল হোসেনের মদদে ও উপস্থিতিতে তার ভাই খুন হয়েছে।" অভিযোগের শুনানি গ্রহনের পর মহানগর হাকিম শাহাদৎ হোসেন অভিযোগটি গ্রহন করেন। আগে দায়ের করা অপমৃত্যু মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য শেরেবাংলা নগর থানাকে নির্দেশ দেন। আদেশে বিচারক বলেন, "ওই প্রতিবেদন আদালতে আসার পর নতুন দায়ের করা মামলার উপর পরবর্তী সিদ্ধান্ত দেওয়া হবে।" মামলায় বাদিপক্ষে ১০ জনকে সাক্ষী করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসএম/কেএমএস/১৩৩৫ ঘ.