চাঁপাইনবাবগঞ্জ, অগাস্ট ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনববাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিংনগর সীমান্তে নিহত দুই বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)।
সোমবার রাতে বিএসএফ সদস্যদের গুলিতে নিহত হয় শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের পারচৌকা গ্রামের তারাজল মিয়ার ছেলে ফটিক (৩০) ও পিয়ালমারী গ্রামের মোখলেসুর রহমানের ছেলে ইসমাইল হোসেন (২৫)।
মঙ্গলবার রাতে বিডিআর ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠকের পর চাঁপাইনবাবগঞ্জর শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে লাশ ফেরত দেয় বিএসএফ।
চাঁপাইনবাবগঞ্জ ৩৯ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জায়েদ হোসেন বুধবার জানান, মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে সোনামসজিদ সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে বিডিআর ও বিএসএফ'র মধ্যে পতাকা বৈঠকের পর বিএসএফ নিহত ২ যুবকের লাশ ফেরত দেয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ময়না তদন্তের জন্য লাশ বুধবার সকালে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সোমবার রাত সাড়ে ১০টার দিকে ৮/১০ জন গরু ব্যবসায়ী শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের শিংনগর সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করছিল। এ সময় ১৭২ মেইন পিলারের কাছে পৌঁছলে ভারতের বৈষ্ণবপুর ১৫১ বিএসএফ ব্যাটালিয়নের দৌলতপুর ক্যাম্পের জওয়ানরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন ফটিক ও ইসমাইল। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হয়।
বিএসএফ ফটিক ও ইসমাইলের লাশ ভারত ভু-খন্ডে নিয়ে যায়।
আহত হন পিয়ালীমারী গ্রামের মমতাজের ছেলে এরশাদ (২৫)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১২৪২ ঘ.
bdnews24