২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় গ্রেপ্তার 'ভূয়া মেজর' পাঁচদিনের রিমান্ডে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে গ্রেপ্তার নাজমুল হাসান ফুয়াদকে হেফাজতে নিয়ে পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2010, 12:48 PM

Updated : 25 Aug 2022, 06:28 PM

গোপালগঞ্জ, অগাস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে গ্রেপ্তার নাজমুল হাসান ফুয়াদকে হেফাজতে নিয়ে পাঁচদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। জাতীয় শোক দিবসের আগে শুক্রবার টুঙ্গিপাড়া হেলিপ্যাড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ফুয়াদ নিজেকে সেনাবাহিনীর মেজর বলে পরিচয় দেন এবং প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত বলে জানান। পরে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী খোঁজখবর নিয়ে ভূয়া পরিচয় দেওয়ার অভিযোগে তাকে গ্রেপ্তার করে। ওইদিনই টুঙ্গিপাড়া থানায় পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সোমবার ফুয়াদকে গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচার বিভাগীয় হাকিম আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিন হেফাজতে রাখার আবেদ জানায় পুলিশ। হাকিম মোস্তফা কামাল আবেদন মঞ্জুর করলে ওইদিনই ফুয়াদকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা টুঙ্গিপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে। কোটালীপাড়া থানার ওসি ছয়রুদ্দিন আহমেদ জানান, তার নাম নাজমুল হাসান ফুয়াদ বলে নিশ্চিত হওয়া গেছে। সে বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার গাড়ফা গ্রামের অবসরপ্রাপ্ত স্বাস্থ্য সহকারী কর্মকর্তা হাবিবুর রহমানের ছেলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৮৪৮ ঘ.