গাজীপুর, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার পূর্ব বাহাদুরপুর গ্রামে রোববার সকালে স্বামীর হাতে এক গৃহবধূ খুন হওয়ার অভিযোগ উঠেছে।
আয়েশা আক্তার লিজার (২৮) মৃত্যুর পর থেকে তার স্বামী জাহাঙ্গীর আলম (৩২) পলাতক রয়েছেন।
এ ঘটনায় নিহতের বড়ভাই মামুন খান বাদী হয়ে সন্ধ্যায় জাহাঙ্গীর আলম, তার মা জাহানার বেগম ও সহোদর জাহিদ হোসেনকে আসামি করে জয়দেবপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।
পুলিশ জাহিদ হোসেনকে (২৮) গ্রেপ্তার করেছে।
মামুন খান ও জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. হারিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানান, প্রায় নয় বছর আগে আয়েশার সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হয়। বেশ কিছুদিন ধরে আসামিরা লিজার কাছে পাঁচ লাখ টাকা দাবি করে আসছে। এ নিয়ে পরিবারে কলহ চলছিল।
এর জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে সকাল ১০টার দিকে আসামিরা লিজাকে প্রচণ্ড মারধর করলে আয়েশা অচেতন হয়ে পড়ে।
খবর পেয়ে স্বজনরা এসে গাজীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
জান্নাত (৪) নামে আয়েশার একটি মেয়ে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৬ ঘ.
bdnews24