ঢাকা, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৫তম মৃত্যুবার্ষিকী রোববার।
বঙ্গবন্ধুর কয়েকজন খুনির ফাঁসির রায় কার্যকরের পর নতুন প্রেক্ষাপটে জাতীয় শোক দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় দিনটি রাষ্ট্রীয়ভাবে পালিত হচ্ছে।
এদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
সকালে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের কর্মসূচি।
সব সরকারি ও আধা সরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বিভিন্ন দেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আয়োজন করা হয়েছে আলোচনা সভার।
সরকারের পাশাপাশি আওয়ামী লীগ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ২১ বছর বাদে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৫ অগাস্ট প্রথমবারের মতো রাষ্ট্রীয় শোক দিবস হিসেবে পালন করা হয়। ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারও ১৫ অগাস্ট জাতীয় শোক দিবস পালন করে।
কিন্তু বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট ক্ষমতায় এসে ২০০২ সালে দিনটিকে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত বাতিল করে। এছাড়া বিধি সংশোধন করে সরকার নির্ধারিত দিন ছাড়া জাতীয় পতাকা অর্ধনমিত রাখার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
এরপর আওয়ামী লীগের দলীয় কর্মসূচির মধ্য দিয়েই দিনটি পালিত হয়ে আসছিল।
ছয় বছর পর ২০০৮ সালে আদালতের আদেশে সরকার ১৫ অগাস্টকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহাল করে। সে বছর হাইকোর্ট এক রায়ে দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পুনর্বহালের নির্দেশ দেয়।
দিনটি উপলক্ষে সকালে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমণ্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। তখন সশস্ত্র বাহিনীর একটি চৌকশ দল বঙ্গবন্ধুকে গার্ড অফ অনার প্রদান করে।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এরপর শেখ হাসিনা আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন।
এর কিছুক্ষণ পর শেখ হাসিনা বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর বঙ্গবন্ধুর ধানমণ্ডি ৩২ নম্বরের বাসভবনে যান। সেখানে পঁচাত্তরের ১৫ অগাস্ট যে সিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ পড়েছিলো সেখানে গোলাপের পাপড়ি ছড়িয়ে দেন তিনি। এ সময় তার সঙ্গে ছোট বোন শেখ রেহানাও ছিলেন। তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।
পরে প্রধানমন্ত্রী বাসার একটি কক্ষে বসে কোরআন তেলাওয়াত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বনানী কবরস্থানে যাওয়ার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে মানুষের ঢল নামে। বিভিন্ন সংগঠন সারিববদ্ধভাবে পুস্পস্তবক অর্পণ করে।
শেখ হাসিনা বনানীতে তার মা, ভাই, ভাইয়ের স্ত্রীসহ ১৫ অগাস্ট নিহতদের কবরে পুস্পমাল্য অর্পণ করেন। সেখানেও তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং ফাতেহা পাঠ করেন। শেখ রেহানা এ সময় তার সঙ্গে ছিলেন।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রাষ্ট্র ও সরকার প্রধানের শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন, মহাজোটের শরিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ, বিভিন্ন ব্যাংক ও প্রতিষ্ঠানসহ সমাজের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর জন্য সকাল থেকে সামনে কালো ব্যানার নিয়ে মিছিল সহকারে ধানমণ্ডি ৩২ নম্বরে যায় বিভিন্ন সংগঠন।
হত্যাকাণ্ডের ৩৫ বছর পর দীর্ঘ প্রতীক্ষা শেষে চলতি বছরের ২৮ জানুয়ারি বঙ্গবন্ধুর হত্যাকারীদের পাঁচজনের ফাঁসির রায় কার্যকর করা হয়।
হত্যাকারীদের একজনের স্বাভাবিক মৃত্যু হলেও বাকী ছয়জন পালিয়ে বেড়াচ্ছে বিভিন্ন দেশে।
সরকার বলছে, খুনিদের ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট ভোররাতে একদল সেনা সদস্য ধানমণ্ডির ৩২ নম্বর সড়কের ৬৭৭ নম্বর বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, বড় ছেলে শেখ কামাল, মেজো ছেলে শেখ জামাল, ছোট ছেলে শেখ রাসেল, শেখ কামালের স্ত্রী সুলতানা কামাল, শেখ জামালের স্ত্রী রোজী জামাল, বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ নাসের ও পুলিশের বিশেষ শাখার সাব ইন্সপেক্টর সিদ্দিকুর রহমানকে গুলি করে হত্যা করে।
সেই রাতে আরো নিহত হন বঙ্গবন্ধুর বোনের স্বামী আবদুর রব সেরনিয়াবাত, তার ছেলে আরিফ, মেয়ে বেবী ও শিশু পৌত্র সুকান্ত বাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে শেখ ফজলুল হক মণি, তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি, নিকটাত্মীয় শহীদ সেরনিয়াবাত ও রিন্টু।
মারা যান বঙ্গবন্ধুর ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা কর্নেল জামিল উদ্দিন আহমেদ।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক পৃথক বাণী দিয়েছেন।
জাতীয় এই শোককে শক্তিতে রূপান্তর করে এবং দেশ গঠনে আত্মনিয়োগ করার আহবান জানিয়ে রাষ্ট্রপতি তার বাণীতে বলেছেন, "দীর্ঘ ৩৫ বছর পরে হলেও জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারী ঘাতকদের বিচার বাংলার মাটিতে হয়েছে। জাতি আজ অনেকটা কলঙ্কমুক্ত। যেসব মৃত্যুদণ্ডপ্রাপ্ত ঘাতক আজো বিদেশে পালিয়ে রয়েছে, তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করতে সর্বোচ্চ তৎপরতা চালাতে হবে।"
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, "আমরা ইতোমধ্যে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করে জাতিকে কিছুটা কলঙ্কমুক্ত করেছি। বাকি আসামিদেরও দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। জাতীয় চার নেতার হত্যার বিচার ত্বরান্বিত করার পদক্ষেপ নেওয়া হয়েছে।"
শেখ হাসিনা আরো বলেন, "আওয়ামী লীগ সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচার এবং দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে, তখন জনগণের ভোটে প্রত্যাখ্যাত শক্তি ষড়যন্ত্র ও অরাজকতার মাধ্যমে উন্নয়ন এবং গণতন্ত্রের অভিযাত্রাকে ব্যাহত করতে চাচ্ছে। এদের সম্পর্কে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।"
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগ সূর্যোদয়ের সময়ে বঙ্গবন্ধু ভবন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করে।
এ ছাড়া সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, সকাল সাড়ে ৭টায় বনানী গোরস্থানে অন্য শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
বাদ আছর দেশের সব ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলায় মিলাদ মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় মন্দির, প্যাগোডা ও গির্জায়।
শোক দিবস উপলক্ষে রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে এক সর্ব ধর্ম আলোচনা সভার আয়োজন করা হয়। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
বাংলাদেশ বেতার ও টেলিভিশন দিবসটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান প্রচার করছে। জাতীয় সংবাদপত্রগুলোতে প্রকাশ করা হয়েছে বিশেষ ক্রোড়পত্র। যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনে জেলা ও উপজেলা পর্যায়েও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে ধানমণ্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অপর্ণের অনুষ্ঠান সরাসরি স
bdnews24