২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে অপহৃত কলেজছাত্র উদ্ধার

পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামে শনিবার রাতে অপহৃত কলেজছাত্র সাইদুল ইসলামকে (২৫) পুলিশ উদ্ধার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2010, 07:16 AM

Updated : 25 Aug 2022, 06:27 PM

ঝিনাইদহ, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার আদর্শ আন্দুলিয়া গ্রামে শনিবার রাতে অপহৃত কলেজছাত্র সাইদুল ইসলামকে (২৫) পুলিশ উদ্ধার করেছে। হরিণাকুন্ডু থানা পুলিশ রোববার দুপুর ১২ টার দিকে একই উপজেলার ফতেপুর গ্রামে জনৈক আশরাফ আলীর বাড়ি থেকে চোখ ও হাত-পা বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করে। সাইদুল শারিরীক অবস্থা আশংকামুক্ত বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সাইদুলের পিতার নাম মনছুর আলী বিশ্বাস। সাইদুলের দুই ভাই আমেরিকা প্রবাসী। তারা আদর্শ আন্দুলিয়া গ্রামের একটি ধনাঢ্য পরিবার। হরিণাকুন্ডু থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শনিবার রাত দেড়টার দিকে ৮-১০ জনের একদল অস্ত্রধারী বাড়িতে ঢুকে সাইদুলের বড় ভাই ওহিদুল ইসলামকে ডাকাডাকি শুরু করে। সাইদুল ঘর থেকে বের হলে সন্ত্রাসীরা তাকে ধরে চোখ বেঁধে ফেলে। তারপর তাকে নিয়ে রওনা দেয়। ওসি জানান, গ্রামবাসী ও আত্মীয় স্বজনরা সন্ত্রাসীদের পিছু পিছু প্রায় আধা কিলোমিটার যায়। এ সময় সন্ত্রাসীরা তাদেরকে ভয় দেখালে তারা সন্ত্রাসীদের অনুসরণ না করে ফিরে আসে। ওসি আরও জানান, রোববার সকালে মোবাইল টেলিফোনে সন্ত্রাসীরা সাইদুলের মুক্তিপণ বাবদ ৫ লাখ টাকা দাবি করে। পুলিশ বা র‌্যাবকে একথা জানালে হত্যার হুমকি দেয়। এ ব্যাপারে ওসি বলেন, "অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ সাইদুলকে উদ্ধারে নামে। ফতেপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গেছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩১৫ ঘ.