ঢাকা, আগস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সদস্যদের আত্মার শান্তি কামনায় রোববার সকালে অনুষ্ঠিত হয় সর্বধর্ম প্রার্থনাসভা।
জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিক সমাজ এই প্রার্থনার আয়োজন করে।
প্রার্থনা সভায় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।
সভায় কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা জিয়াউল হাসান। পরে তিনি প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।
এর আগে বাইবেল পাঠ করেন নটরডেম কলেজের ভাইস প্রিন্সিপাল ফাদার বকুল এস রোজারিও। গীতা পাঠ করেন প্রকৌশলী মানস মিত্র এবং ত্রিপিটক পাঠ করেন বাড্ডা বৌদ্ধ মন্দিরের সুনন্দপ্রিয় ভিক্ষু।
প্রার্থনা শেষে বঙ্গবন্ধুর জীবনীর ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
১৯৭৫ সালের ১৫ অগাস্ট ভোররাতে ধানমন্ডির ৩২ নম্বর বাসায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১২৫৫ ঘ.
bdnews24