২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে চবি শিক্ষার্থীদের বিক্ষোভ

বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2010, 04:12 PM

Updated : 25 Aug 2022, 06:27 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ধিত বেতন ফি প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। শনিবার বিকালে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে 'বর্ধিত বেতন ফি বিরোধী সাধারণ ছাত্র-ছাত্রীবৃন্দ' ব্যানারে দুইশতাধিক শিক্ষার্থী কালো পতাকা নিয়ে মিছিল বের করে। শিক্ষার্থীরা মিছিল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামালখান এলাকায় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তারা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বর্ধিত বেতন ফি প্রত্যাহারসহ সকল দাবি মেনে নেওয়ার আহবান জানান। তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা, হামলা ও গ্রেপ্তারের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের যৌক্তিক আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা চালিয়েছে। এতে প্রশাসন তার নেক্কারজনক অবস্থানই তুলে ধরেছে। সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অযোগ্য ও দায়িত্বহীন আখ্যায়িত করে উপাচার্য অধ্যাপক ড.আবু ইউসুফ ও প্রক্টর ড.মোহাম্মদ জসীমউদ্দিন এর পদত্যাগ দাবি করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন বক্তারা। আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন- তবারক হোসেন, শাহবীন ফেরদৌস ও রুচী ভট্টাচার্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/জেবি/এসএএ/২১৪৮ঘ.