ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাদ্য অধিদপ্তরের প্রস্তুতি সম্পন্ন না হওয়ায় দরিদ্র পরিবারের মধ্যে স্বল্প মূল্যের কার্ডের (ফেয়ার প্রাইস কার্ড-এফপিসি) মাধ্যমে চাল বিতরণ কর্মসূচি আরো তিনদিন পিছিয়ে দেওয়া হয়েছে।
আগামী ১৬ অগাস্টের পরিবর্তে ১৯ অগাস্ট থেকে এ কার্যক্রম শুরু হচ্ছে।
পরপর তিনদিন ছুটি থাকায় পদ্ধতিগত জটিলতা এড়াতে খাদ্য মন্ত্রণালয় এ সিদ্ধ্ান্ত নেয় বলে জানা গেছে।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল আউয়াল হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে এর সত্যতা স্বীকার করেছেন।
তিনি জানিয়েছেন, শুক্র ও শনিবারে সঙ্গে রোববার ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সরকারি ছুটি পড়ায় পরপর তিনদিন সব সরকারি অফিসে ছুটি থাকছে। এ সময়ের মধ্যে কোনো ডিলারই তাদের টাকা জমা দিয়ে ডেলিভারি অর্ডার (ডিও) সংগ্রহ করতে পারবেন না। ফলে ১৬ আগস্ট এ কর্মসূচি শুরু করা সম্ভব হবে না।
খাদ্য অধিদপ্তর এ কারণে কর্মসূচি তিনদিন পরে শুরু করার একটি প্রস্তাব বৃহস্পতিবার খাদ্য মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয় প্রক্রিয়াগত জটিলতার কারণে কর্মসূচিটি তিনদিন পর শুরু করার সিদ্ধান্ত নেয় বলে জানান অতিরিক্ত সচিব।
এর আগে গত ৯ আগস্ট এক সংবাদ সম্মেলনে খাদ্য মন্ত্রী আব্দুর রাজ্জাক ১৬ আগস্ট থেকে স্বল্প মূল্যের কার্ডের (এফপিসি) মাধ্যমে চাল বিক্রির কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছিলেন।
দেশে প্রথমবারের মত কার্ডের মাধ্যমে দরিদ্র পরিবারের মধ্যে চাল বিক্রির এ কর্মসূচি শুরু হচ্ছে। এ কর্মসূচি বাস্তবায়নে ইতোমধ্যেই ঢাকা মহানগরের তিন লাখ ৬৬ হাজার ৪১১টিসহ দেশের আট লাখ ৫৬ হাজার ৬৭৮টি দরিদ্র পরিবারের মধ্যে স্বল্প মূল্যের কার্ড বিতরণ করা হয়েছে।
তবে এ সংখ্যা আরো বাড়বে এবং ভবিষ্যতে স্থায়ী রূপ পাবে বলে আব্দুর রাজ্জাক জানান।
খাদ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ কার্ডের মাধ্যমে ২৪ টাকা কেজি দরে ঢাকা মহানগর, অন্য ছয়টি বিভাগীয় শহর ও দেশের সব জেলা শহরের দরিদ্র মানুষের মধ্যে চাল বিক্রি করা হবে।
প্রত্যেক কার্ডধারী মাসে একসঙ্গে ২০ কেজি চাল কিনতে পারবেন। তবে কেউ ইচ্ছা করলে ১০ কেজি করে মাসে দু'বার চাল কিনতে পারবে। এ কর্মসূচিতে প্রায় ২০ হাজার টন চাল বিক্রি করা হবে।
কর্মসূচি বাস্তবায়নে প্রতি এক হাজার কার্ডধারীর জন্য একজন করে ডিলার নিয়োগ করা হয়েছে। এতে ঢাকা মহানগরীতে ২৬৯ জন, ঢাকার পার্শ্ববর্তী ১৭টি ইউনিয়নে ১৭ জনসহ সারা দেশে ৮৬১ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/২৩০০ ঘ.
bdnews24