মাদারীপুর, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাদারীপুরের রাজৈর উপজেলায় বৃহস্পতিবার দুপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন মারা গেছে।
আহত হয়েছেন অতিরিক্ত জেলা দায়রা জজ হাবিবুর রহমানসহ অন্তত ৩০ জন।
দুপুর ৩টার দিকে উপজেলার টেকেরহাট পল্লী সমিতির বিদ্যুৎ কার্যালয়ের কাছে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- বাসের তত্ত্বাবধায়ক শাহ আলম (৪০) ও সোহান (৬)।
রাজৈর থানার ওসি মো. মশিউর রহমান সাংবাদিকদের জানান, মাদারীপুর শহর থেকে ছেড়ে আসা ঢাকাগামী চন্দ্রা পরিবহনের (ঢাকা মেট্রো-১০৭৯) বাসটি দুর্ঘটনার শিকার হয়। ঘটনাস্থলেই মারা যায় দুজন।
আহতদের মধ্যে আরো আছেন- চিকিৎসক ডা. পিযুষ, রাবেয়া আক্তার, শওকত মোল্লা, হাসেনা বেগম, আব্বাস, ইয়াকুব ও আয়েশা।
এদের মধ্যে ইয়াকুব ও আব্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৮ ঘ.
bdnews24