শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-যেন মুঘল বাদশাহের শাহী দস্তরখান থেকে উঠে আসা শাহী খাবার। আর এই আকর্ষণেই নগরের নানা প্রান্ত থেকে পুরান ঢাকার চকবাজারে ছুটে আসে হাজারো মানুষ। উপলক্ষ্য ঐহিত্যবাহী ও সুস্বাদু ইফতারের সমাহার।
ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে চকের ইফতার এখন পেয়েছে ভিন্নতা। আর রমজানের প্রথম বিকেলে তারই দেখা পাওয়া গেল বহু পুরান এই ইফতার বাজার জুড়ে।
ইফতার পণ্যের মূল্যবৃদ্ধিতে একদিকে ক্রেতাদের হা-হুতাশ, অন্যদিকে ব্যবসায়ীদের নানা অজুহাত। তারপরও জমজমাট ইফতারের এই বাজার। পরিমাণে কম কিনলেও চকের ইফতারের রসনা থেকে নিজেদের বঞ্চিত করতে চাননি অনেকে।
সকাল থেকেই চকবাজার এলাকায় ইফতার বিক্রেতাদের তোড়জোড় শুরু হয়। দুপুরের পর থেকে একটু একটু করে চোখের পলকে সরব হয়ে ওঠে পুরো এলাকা।
বহু বছর ধরেই চকের ইফতারির তালিকায় প্রথমেই থাকছে 'বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গা ভইরা লইয়া যায়।'
কেন এই অদ্ভুত নাম-প্রতি রমজানেই তা অনুসন্ধান করতে করতেই কিনতে থাকেন ক্রেতারা।
রাজধানীর লালমাটিয়া থেকে ইফতার কিনতে আসা ইফতেখার জামান জানালেন, "বড় বাপের পোলায় খায়, অদ্ভুত নাম। খেতেও সুস্বাদু। প্রতি বছরই আমি এই বিশেষ খাবারটি কিনতে এখানে আসি।"
তবে হতাশা হচ্ছে-অন্যান্য ইফতারির মতো 'বড় বাপের পোলায় খায়' ইফতারিরও দাম বেড়েছে। গত বছর এই খাবারটি যেখানে কেজিপ্রতি ২৬০ টাকা এবার তা বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
'বড় বাপের পোলায় খায়' তৈরি করতে দেওয়া হয় নানা রকম কাবাব, বুট, খাসির কলিজা ভুনা, চিড়া, সেদ্ধ ডিমসহ হরেক রকম মসলা। তাৎক্ষনিকভাবে এ সব মিশিয়ে ক্রেতার সামনেই তৈরি করে বিক্রি করা হয়।
উপকরণের দাম বাড়ায় এবার এই খাবারটিরও দাম বেড়েছে বলে জানালেন একজন বিক্রেতা।
'বড় বাপের পোলায় খায়' বিক্রেতা সেলিম বাবুর্চি জানান, প্রথম রোজার দিনে সব সময়ই বিক্রি ভাল হয়। তবে দাম বাড়ায় ক্রেতারা একটু হতাশ।
মুকিম কাটরার ব্যবসায়ী আবুল ওহাব জানান, "অনেক ইফতার সামগ্রীর দাম না বাড়লেও আকারে ছোট হয়ে গেছে।"
চকবাজারের লোভনীয় আরেকটি খাবার সুতি কাবাব।
জালি কাবাব, টিক্কা কাবাবসহ চিকেন ফ্রাই, চিকেন টিক্কা দেদারসে বিক্রি চলছে।
মাংস ও মসলার দাম বাড়ায় কাবাবের দামও বেড়েছে বলে জানালেন বিক্রেতারা।
কাবাব বিক্রেতা রমিজ শেখ বলেন, "গরুর গোশতের সুতি কাবাবের কেজি ৩৪০ টাকা এবং খাসির কেজি ৪২০ টাকা করে বিক্রি হচ্ছে।
চকবাজারের শাহী হালিম, দই বড়া , ফালুদার কদরও ছিল বরাবরের মতো। বিফ রোল, চিকেল রোলসহ বিভিন্ন রকম ফাস্ট ফুডসহ নানা ইফতার সামগ্রীর পাশে বিক্রি হচ্ছে ভালোই।
উত্তরা থেকে আসা সিদ্দিক মিয়া জানান, যানজটসহ নানা ভোগান্তি পেরিয়েও প্রতিবছরের মতো এবারও ইফতার কিনতে আসা। তবে দাম বৃদ্ধির অভিযোগ শোনা গেল তার মুখেও।
এছাড়া ক্রেতারা ইফতার সামগ্রীতে ভেজাল নিয়েও শঙ্কা প্রকাশ করেছেন।
তবে ব্যবসায়ীরা জানান, পুরো রজমান মাস ধরেই চলবে রসনার এই আয়োজন। মান ভালো রাখার ক্ষেত্রে নিজেদের চেষ্টার কথাও তুলে ধরলেন অনেকে। তাদের আশা মাসব্যাপী এমন আয়োজনে ভোজনপ্রিয় হাজারো সৌখিন মানুষকে সঙ্গে পাবেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসএএ/১৮১২ঘ.
bdnews24