চট্টগ্রাম, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- রমজানের প্রথম দিনে বৃহস্পতিবার চট্টগ্রামে কাঁচা মরিচ বিক্রি হয়েছে কেজি প্রতি দু'শ টাকায়।
একদিনের ব্যবধানে অন্যতম প্রয়োজনীয় এ পণ্যটির দাম কেজিতে বেড়েছে ৮০ টাকা পর্যন্ত। বুধবার চট্টগ্রামের কাঁচা বাজারগুলোতে কাঁচা মরিচের দাম ছিল ১২০ টাকা।
পাইকারি বিক্রি হয়েছে একশ' টাকায়। বৃহস্পতিবার সকালে এই দাম বেড়ে পাইকারিতে ১৪০ ও খুচরায় ২০০ টাকায় ঠেকে।
নগরীর সবচেয়ে বড় পাইকারী বাজার রেয়াজউদ্দিন বাজারে গিয়ে দেখা গেছে, কাঁচা মরিচের পাইকারি দাম ১৪০ টাকা কেজি। একই বাজারে যার খুচরা মূল্য ২০০ টাকা। নগরীর কাজীর দেউরী, কর্ণফুলী মার্কেট ও ছোটপুল কাঁচা বাজারে এ দর ছিল ২০০ টাকা।
খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, রোজাকে সামনে রেখে ব্যবসায়ীরা ইচ্ছেমতো দাম বাড়িয়েছেন।
রেয়াজউদ্দিন বাজারের পাইকারী বিক্রেতা শেখ মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরবরাহ কম, তাই দামও বেড়েছে।
ছোটপুল কাঁচা বাজারের খুচরা বিক্রেতা জহিরউদ্দিন বলেন, সকালে আড়তে এসে মরিচ পাইনি। পাইকারী ব্যবসায়ীরা বলেছেন, কাঁচা মরিচের ট্রাক আসেনি।
কাজীর দেউড়ি বাজারের বিক্রেতা সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে রেয়াজউদ্দিন বাজারে গিয়ে চাহিদামত মরিচ পাই নি। বেশি দামে কিনে বিক্রি করতে হচ্ছে।
রেয়াজুদ্দিন বাজারে দুপুরে বাজার করতে আসা মঈনুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ব্যবসায়ীরা অধিক লাভের আশায় একদিনের ব্যবধানে প্রায় দ্বিগুণ দাম করে দিয়েছেন।
তিনি বলেন, সরবরাহ কম নয় রোজাকে পুঁজি করে দাম বাড়ানো হয়েছে।
এদিকে কাঁচা মরিচের পাশাপাশি রমজানের প্রথম দিনেই ইফতারির অন্যতম উপকরণ বেগুন ও শসার দামও বেড়েছে।
রোজা শুরু হওয়ার আগে পাইকারিতে ২৫ টাকা কেজি দরে বেগুন বিক্রি হলেও বৃহস্পতিবার থেকে তা বেড়ে ৪০ টাকা হয়েছে। ২০ টাকা কেজি দরে বিক্রি হওয়া শসা বৃহস্পতিবার সকালে বিক্রি হয় ৩২ থেকে ৩৫ টাকা কেজি দরে।
নগরীর বিভিন্ন খুচরা বাজারে এই বেগুন বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা ও শসা ৩৫ থেকে ৪০টাকা।
এছাড়া বাজারে আসা শীতের সবজির দামও চড়া। বৃহস্পতিবার খুচরায় প্রতি কেজি বাঁধাকপি ৭০ থেকে ৮০ টাকায় ও টমেটো ৮৫ থেকে ১০০ টাকায় বিক্রি হয়েছে।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/এমসি/আরএ/১৬৫৬ ঘ.
bdnews24