২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের বিরুদ্ধে মামলার শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2010, 08:21 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানসহ পাঁচ জনের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননা মামলার শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি মোহম্মদ ফজলুল করিমের নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ সংক্ষিপ্ত শুনানি গ্রহণ করে এ আদেশ দেয়। এদিন সকাল ১০টায় মাহমুদুর রহমানকে এ মামলায় দ্বিতীয়বারের মতো আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ। এছাড়া পত্রিকার প্রকাশক হাসমত আলীসহ অপর চার জনও আদালতে হাজির হন। আদালতে আমার দেশে প্রকাশিত 'চেম্বার মানেই সরকার পক্ষের স্টে' শিরোনামের প্রতিবেদনটি আদালতে পড়ে শোনান সরকার পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান। ব্যারিস্টার রফিকুল হক বলেন, এ মামলায় মাহমুদুর রহমান আদালত অবমাননার রুলের জবাব দিয়েছেন। অন্যরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছেন। গত ৮ জুলাই মাহমুদুর রহমানকে প্রথমবার আপিল বিভাগে হাজির করানো হয়। গত ২১ এপ্রিল দৈনিক আমার দেশ পত্রিকায় 'চেম্বার মানেই সরকার পক্ষের স্টে' শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি আদালত অবমাননাকর দাবি করে সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আদালত অবমাননার মামলার আবেদন দায়ের করেন। এরপর গত ২ জুন আপিল বিভাগ আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর, প্রকাশক হাশমত আলী হাসুসহ পাঁচজনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে। আদালত তাদেরকে ৫ জুলাই (সোমবার) ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশও দেয়। এরপর সেদিন ও তার পরদিন মঙ্গলবার আপিল বিভাগে মাহমুদুর রহমান ছাড়া অপর চারজন হাজির হন। প্রকাশক হাসমত আলীর দায়ের করা প্রতারণার এক মামলায় গত ২ জুন ভোররাতে মাহমুদুর রহমানকে আমার দেশ কার্যালয় থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ১ জুন পত্রিকাটির প্রকাশনা বাতিল ও প্রেস সিলগালা করে দেয় সরকার। ১০ জুন দৈনিক আমার দেশ এর প্রকাশনা বাতিলে সরকারি সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে দেয় হাইকোর্ট। ১৮ জুলাই হাইকোর্টের দেওয়া আদেশ বহাল রাখে আপিল বিভাগ। চারদলীয় জোট সরকারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব মোসাদ্দেক আলী ফালুর ভাই হাশমত আলীকে প্রকাশক করে ২০০৪ সালের সেপ্টেম্বরে পত্রিকাটি প্রকাশিত হয়। ২০০৮ সালে সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান আমার দেশ পত্রিকাটির ব্যবস্থাপনার দায়িত্ব নেন। এরপর পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব নেওয়ার জন্য তিনি জেলা প্রকাশককে চিঠি দেন। সে সময় থেকেই পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে রয়েছেন তিনি। সরকার গত ১ জুন বৈধ প্রকাশক না থাকার অভিযোগে আমার দেশের প্রকাশনা বন্ধ করে দেয়। এরপর ২ জুন ভোররাতে আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। এর আগের দিন হাশমত আলী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মাহমুদুর রহমানের বিরেুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন মাহমুদুর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৪২১ ঘ.