চট্টগ্রাম, অগস্ট ১১ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম)- বর্তমান কমিটিকে অন্তর্বর্তী সময়ের জন্য বহাল রেখে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের কাউন্সিল শেষ হয়েছে।
বুধবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল শেষে কোনো কমিটি ঘোষণা করা হয়নি।
কাউন্সিলে নির্ধারিত ফরমে কাউন্সিলরদের মতামত গ্রহণের পর ফল প্রকাশ না করায় হট্টগোল শুরু হয়। পরে কেন্দ্রীয় নেতারা পরিস্থিতি শান্ত করেন।
কাউন্সিল শেষে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, কাউন্সিল হলেও এখনই কমিটি ঘোষণা করা সম্ভব নয়। কেন্দ্র থেকে শিগগিরই কমিটি ঘোষণা করা হবে। এই সময়ে বর্তমান কমিটি অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবে।
কাউন্সিলে চট্টগ্রাম মহানগর, দশটি থানা ও তিনটি কলেজ কমিটি থেকে মোট ১১০ জন কাউন্সিলর ছিলেন। এরমধ্যে ১০৮ জন নির্ধারিত ফরমে তাদের মতামত দেন।
দুইজন ফরম পদ্ধতির বিরোধিতা করে মতামতদানে বিরত থাকেন।
সংগঠনটির চট্টগ্রাম মহানগরের সহ-ক্রীড়া সম্পাদক সাখাওয়াত হোসেন সাগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফলাফল যদি কেন্দ্র থেকেই জানানো হবে তাহলে কাউন্সিল করার কী প্রয়োজন ছিল?"
চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি মোশারফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আলিম।
সর্বশেষ ২০০৩ সালের ২৯ মার্চ মহানগর ছাত্রদলের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।
বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/ডিডি/০০০০ ঘ.
bdnews24