ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্য বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।
মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন পরিদর্শনকালে তিনি একথা বলেন।
বুধবার এক সরকারি তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, "জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ সদস্য বাড়াতে স্থায়ী মিশনের যেকোনো প্রস্তাব এবং উদ্যোগ স্বরাষ্ট্র মন্ত্রণালয় আন্তরিকতার সঙ্গে বিবেচনা করবে।"
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সদস্য পাঠানো দেশ হিসাবে শান্তি স্থাপন ইস্যুতে বাংলাদেশের ইতিবাচক অবদান সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে অবহিত করেন।
এসময় তিনি শান্তিরক্ষায় আরো বেশি নারী পুলিশের চাহিদার কথা জানালে শামসুল হক টুকু এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস দেন।
বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অংশগ্রহণ বাড়াতে প্রয়োজনীয় প্রশিক্ষণসহ আনুষঙ্গিক সব বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচেষ্ট বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেবি/এইচএ/২০৪৪ ঘ.
bdnews24