চুয়াডাঙ্গা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গ্রাহকরা সড়ক অবরোধ করেছে।
বুধবার সকালে চুয়াডাঙ্গা বণিক সমিতির আহ্বানে এই কর্মসূচি পালন করা হয়।
স্থানীয়দের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঝিনাইদহ প্রতিনিধি জানান, অবরোধের সময় চুয়াডাঙ্গা শহরের প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ গ্রাহকরা চুয়াডাঙ্গা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেয়।
এরপর চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে ব্যবসায়ীরা ঘন ঘন বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার প্রতিবাদ জানান। তা না হলে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেন তারা।
জেলা পিডিবির নির্বাহী প্রকৌশলী মো. আমজাদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চুয়াডাঙ্গা জেলায় বিদ্যুতের চাহিদা ১১ মেগাওয়াট। পাওয়া যায় ২ দশমিক ৪ মেগাওয়াট থেকে ৩ দশমিক ৬ মেগাওয়াট।
চুয়াডাঙ্গার পুলিশ সুপারিনটেনডেন্ট নজরুল ইসলাম জানান, বিদ্যুতের দাবিতে চুয়াডাঙ্গায় সড়ক অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৮ ঘ.
bdnews24