রাজশাহী, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের জন্য পৃথক ভূমি কমিশন দাবি করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন।
ক্ষমতাসীন মহাজোটের শরিক দলটির নেতা বলেন, "আদিবাসীরা বাংলাদেশের উন্নয়ন, সংগ্রাম ও অগ্রগতির সঙ্গে জড়িত। ব্রিটিশবিরোধী আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক দাবি আদায়ে তাদের সংগ্রামের ঐতিহ্য রয়েছে। তাদের সাংবিধানিক স্বীকৃতি ও পৃথক ভূমি কমিশন গঠন করা সময়ের দাবিতে পরিণত হয়েছে।"
জাতীয় আদিবাসী দিবস উপলক্ষে মঙ্গলবার বিকালে রাজশাহী নগরীর সাহেব বাজারে এক আদিবাসী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেনন একথা বলেন।
জাতীয় আদিবাসী পরিষদ আয়োজিত এই সমাবেশে তিনি সংবিধান সংশোধনের সময় আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি অনিল মারাণ্ডির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন- রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ও জাতীয় আদিবাসী পরিষদের প্রধান উপদেষ্টা ফজলে হোসেন বাদশা, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান বাদশা প্রমুখ।
সমাবেশে উত্তরাঞ্চালের ১৬ জেলার কয়েক হাজার আদিবাসী যোগ দেয়।
এর আগে নগরীর বিন্দুর মোড় থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৩ ঘ.
bdnews24