২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেনোসাইড ম্যাপ '৭১ প্রকাশ

মুক্তিযুদ্ধের সময় ঢাকা মহানগরীতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মারক হিসাবে ৪৮টি বধ্যভূমিকে চিহ্নিত করে 'জেনোসাইড ম্যাপ-৭১' প্রকাশ করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 03:01 PM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের সময় ঢাকা মহানগরীতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার স্মারক হিসাবে ৪৮টি বধ্যভূমিকে চিহ্নিত করে 'জেনোসাইড ম্যাপ-৭১' প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে এ উপলক্ষে এক প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়। ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইণ্ডিং কমিটির আহ্বায়ক এম এ হাসান ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক যৌথভাবে জেনোসাইড ম্যাপ'৭১ এর মোড়ক উম্মোচন করেন। এর মূল্য নির্ধারণ করা হয়েছে একশ' টাকা। ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইণ্ডিং কমিটি ও বেসরকারি সংগঠন মানব বসতি উন্নয়ন কেন্দ্র যৌথভাবে এ মানচিত্রটি প্রকাশ করে। এম এ হাসান জানান, ১৯৭১ সালের ২৫ মার্চ ঢাকায় পাকিস্তানি হানাদার বাহিনী পরিচালিত অভিযান অপারেশন-সার্চলাইট, বিভিন্ন স্থানে সংঘটিত গণহত্যা, চিহ্নিত গণকবর ও বধ্যভূমির উপর ভিত্তি করে এ মানচিত্রটি তৈরি করা হয়। তিনি বলেন, "একাত্তর সালে অসংখ্য মানুষ গণহত্যার শিকার হয়েছেন। ২০ বছর আগে গণহত্যা সংঘটনের ওই স্থানগুলো চিহ্নিত করার চেষ্টা শুরু করি। ২০০৪ সালে জেনোসাইড ম্যাপ তৈরির পরিকল্পনা করা হয়। সে অনুযায়ী ঢাকার ৪৮টি বধ্যভূমি চিহ্নিত করে এ মানচিত্রটি প্রকাশ করা হলো।" এ পর্যন্ত সারা দেশে ৯৪৬টি বধ্যভূমি শনাক্ত করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বধ্যভূমি তথা গণহত্যার স্থানগুলো কেবল কিছু মানুষের স্মৃতিচিহ্ন নয়, এগুলো সমগ্র মানবসভ্যতার ব্যর্থতার স্মারক। পরবর্তীতে সারা দেশের বধ্যভূমিগুলো নিয়ে আরেকটি মানচিত্র প্রকাশ করা হবে। মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের জন্য 'মুক্তিযুদ্ধ গবেষণা, স্মৃতি সংরক্ষণ ও চেতনা বিকাশ কেন্দ্র' নামে একটি সংগঠন করা হবে বলে জানান হাসান। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মওদুদ ইলাহী, সাংবাদিক সালীম সামাদ, মানবাধিকার কর্মী রেজালিন কস্তা, মানব বসতি উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মো. জহুরুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেবি/এইচএ/২০৫৭ ঘ.