ঢাকা, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-চলতি বছর হজযাত্রী পরিবহনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের বাইরে থার্ড ক্যারিয়ার হিসেবে ১০টি বেসরকারি বিমান সংস্থাকে দায়িত্ব দিতে যাচ্ছে সরকার।
সংস্থাগুলো হচ্ছে- এমিরেটস এয়ারলাইন্স, গালফ এয়ার, কুয়েত এয়ারওয়েজ, পিআইএ, কাতার এয়ারওয়েজ, ইতিহাদ এয়ারওয়েজ, বাহরাইন এয়ার, এয়ার অ্যারাবিয়া, জিএমজি এবং ইউনাইটেড এয়ারওয়েজ।
এ ১০টি সংস্থার মাধ্যমে প্রায় ৩০ হাজার হজযাত্রী পরিবহন করা হবে। তবে তারা চাইলে আরো বেশি হজযাত্রী পরিবহনের অনুমতি দেবে সরকার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জি এম কাদের মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে মন্ত্রী জি এম কাদের এবং সচিব শফিক আলম মেহেদী মন্ত্রণালয়ের সভাকক্ষে তৃতীয় সংস্থা হিসেবে দায়িত্ব নিতে আগ্রহী আকাশ পরিবহন সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।
জি এম কাদের জানান, তৃতীয় সংস্থা হিসেবে ১০টি সংস্থাকে দায়িত্ব দেওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এসব সংস্থার কাছে থেকে যাত্রীপ্রতি ভাড়া এবং হজযাত্রী পরিবহনের ক্ষমতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই সংস্থাগুলো মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করবে। এরপরই তাদের সঙ্গে চুক্তি করবে সরকার।
তিনি জানান, আগামী হজ মৌসুমে রেকর্ড পরিমাণ প্রায় ৯০ হাজার আগ্রহী ব্যক্তি হজে যাওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন। নিবন্ধিতদের প্রত্যেকের যাওয়া নিশ্চিত করাসহ প্রায় এক লাখ যাত্রীর জন্য পরিবহনের ব্যবস্থা করা হচ্ছে। যাতে নির্দিষ্ট সময়ের মধ্যেই প্রত্যেক হজযাত্রীর যাওয়া সম্ভব হয়- সে ব্যাপারে সরকার সতর্ক রয়েছে।
মন্ত্রী বলেন, "আগামী ৮ অক্টোবর থেকে হজযাত্রী পরিবহন শুরু হয়ে ১২ নভেম্বর শেষ হবে। ২২ নভেম্বর থেকে হাজীর্দে নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হয়ে ২১ ডিসেম্বরের মধ্যে সব হাজীকে ফিরিয়ে আনা হবে। এজন্য বাংলাদেশ বিমান ইতোমধ্যেই দুটি চার্টার্ড এয়ারক্রাফট ভাড়া করেছে।"
বিমান এ বছর ন্যূনতম ৪৫ হাজার হজযাত্রী বহন করবে। চুক্তি অনুযায়ী সৌদি এয়ারলাইন্সও যাত্রী বহন করবে। বেসরকারি তৃতীয় আকাশ পরিবহন সংস্থাগুলো ইচ্ছা করলে বাকী যাত্রীদের বহন করতে পারবে। এসব সংস্থা নিজস্ব সিডিউল অনুযায়ী ফ্লাইট বহন করবে। এতে সরকার লাভবান হবে বলে মন্ত্রী জানান।
হজযাত্রীদের বিমান ভাড়ার হার সম্পর্কে মন্ত্রী জানান, সরকার এক হাজার ৩৫০ ডলার করে ভাড়া নির্ধারণ করেছে। সব সরকারি ও বেসরকারি আকাশ পরিবহন সংস্থা একই টাকায় টিকিট বিক্রি করবে।
বেসরকারি সংস্থারগুলোর পক্ষ থেকে হজযাত্রী পরিবহনে জনপ্রতি এক হাজার ২০০ ডলার থেকে এক হাজার ৪০০ ডলার পর্যন্ত ভাড়ার প্রস্তাব করা হয়েছে।
এবারই প্রথম এ হজযাত্রী পরিবহনে জটিলতা ও হয়রানি দূর করতে সরকার এ ধরনের উদ্যোগ নিয়েছে। এতদিন পর্যন্ত বাংলাদেশ বিমান ও সৌদি এয়ারলাইন্স যৌথভাবে সব হাজী পরিবহন করতো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসএএ/১৮৩৯ঘ.
bdnews24