চট্টগ্রাম, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ডাকাতের গুলিতে মঙ্গলবার একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে নিহত হয়েছে এক ডাকাত।
পুলিশ জানায়, ভোর পাঁচটার দিকে উপজেলার পশ্চিম চাম্বল গ্রামের ডেপুটিঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
ডাকাতের গুলিতে নিহত ব্যক্তির নাম- আবুল হোসেন (৭০)। তার বাড়ি পশ্চিম চাম্বল গ্রামে।
জনতার গণপিটুনিতে নিহত ডাকাত আবু সৈয়দের (৪৫) বাড়ি একই উপজেলার পশ্চিম চাম্বলের শৈলকূপা এলাকায়।
এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১০ জন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল ও স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদের মধ্যে আবু তাহের (৩৫) নামে গুলিবিদ্ধ এক জনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি পশ্চিম চাম্বল গ্রামে।
বাঁশখালী থানার ওসি এস এম আতাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর পাঁচটার দিকে একদল সশস্ত্র ডাকাত ডেপুটি ঘোনা এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের ধাওয়া করে ঘিরে ফেলে। এ সময় ডাকাতরা এলোপাথাড়ি গুলি ও ইটের টুকরো নিক্ষেপ করে।
গুলিতে ঘটনাস্থলেই আবুল হোসেন মারা যান।
পালানোর সময় আবু সৈয়দ জনতার হাতে ধরা পড়ে এবং পরে গণপিটুনিতে তার মৃত্যু হয়।
ওসি জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমএসবি/১৭৪৪ ঘ.
bdnews24