২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে আ.লীগের দু'পক্ষের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2010, 11:42 AM

Updated : 25 Aug 2022, 06:26 PM

ঝিনাইদহ, অগাস্ট ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে আওয়ামী লীগের দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের দুই মেম্বারসহ ২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত রোজদার আলি (৩০) উপজেলার অচিন্ত্যপুর গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে মালেক ফকিরকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরো তিন জনকে শৈলকুপা হাসপাতালে এবং দু'জনকে ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। এলাকাবাসী জানায়, সকাল ৯টার দিকে অচিন্ত্যপুর গ্রামে সাবেক উপজেলা যুবলীগ সভাপতি নাসির খান ও দিগনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পান্না খানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতেই অচিন্ত্যপুর, দেবতলা, হারুনদিয়া, গোলকনগরসহ কয়েকটি গ্রামের প্রায় হাজারখানেক লোক ঢাল, শরকি, রামদা ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পর্যায়ে নাসির খানের লোকজন পিছু হটতে শুরু করে। এ সময় পালানোর সময় রোজদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকেরা। অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট যোবায়ের হোসেন জানান, এ ঘটনায় দিগনগর ইউনিয়ন পরিষদের মেম্বার নজিরউদ্দিন ও ঝন্টুসহ ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দিগনগর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনকে সামনে রেখে নাসির খান ও পান্না খানের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছে বলে জানান তিনি। পান্না খান ২০০৮ এর ডিসেম্বরে সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগে যোগ দেন। ওসি বলেন, "এর আগে হারুনদিয়া গ্রামে দু'পক্ষের মধ্যে শুক্রবার বিকালে সংঘর্ষে ৫-৬ জন আহত হয়। এ নিয়ে উত্তেজনা দেখা দিলে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।" নাসির খান দাবি করেন, তার লোকজনের উপর পান্না খানের লোকেরা হামলা চালিয়েছে। তবে পান্না খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেবি/এসএএ/১৭৩৩ঘ.