সাতক্ষীরা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্পদের তথ্য গোপন করার অভিযোগে সাতক্ষীরায় এক ব্যবসায়ী ও তার স্ত্রীর বিরুদ্ধে দু'টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এরা হলেন- বসির আহম্মেদ ও তার স্ত্রী শামীমা সুলতানা।
দুদকের সহকারী পরিচালক মো. ওয়াজেদ আলী গাজী সোমবার রাতে সাতক্ষীরা থানায় এই মামলা দু'টি দায়ের করেন।
মামলায় বসির আহম্মেদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়, দুদকে দেওয়া তথ্যে তিনি তার স্থাবর সম্পত্তির মূল্য এক কোটি ৬৬ লাখ টাকা কম দেখিয়েছেন। অস্থাবর সম্পত্তির হিসাবেও দুই কোটি ১৬ লাখ টাকা গোপন করেছেন।
অপর মামলায় বলা হয়, শামীমা সুলতানা স্থাবর-অস্থাবর সম্পদের হিসাবে ৯৫ লাখ ২১ হাজার টাকার সম্পদের তথ্য গোপন রাখেন।
সদর থানার ওসি শাহ্জাহান আলী খাঁন জানান, দুদকের মামলা দু'টি দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০১৪ ঘ.
bdnews24