সাভার, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পুলিশের ওপর হামলা ও অস্ত্র লুটের মামলায় ঢাকার সাভারের আশুলিয়ায় আরো ২১ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ৩১ শ্রমিককে গ্রেপ্তার করা হলো।
সোমবার দুপুরে আশুলিয়ার জামগড়া এলাকার শেড ফ্যাশনের সামনে থেকে ২১ শ্রমিককে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এদিকে বন্ধ পোশাক কারখানা শেড ফ্যাশন লিমিটেড সকালে খুলে দেওয়া হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে ২৩৪ জন শ্রমিককে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, ভিডিও ও ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ দেখে শেড ফ্যাশনের ২১ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- নিলুফা ইয়াসমিন, জান্নাতুল ফেরদৌস, শিল্পী আক্তার, পারুল, বিউটি, শাহিনূর, ফেরদৌসি বেগম, আবু তালেব, মোখলেছুর রহমান, হারুন, মফিজুল হক, মানিক, শাহীন, আনোয়ার হোসেন, নাজমূল, আরিফুর রহমান, আল-আমিন, সাইদুর রহমান, স্বপন, জামান ও মিলন।
এদের মধ্যে শাহিনূর ও ফেরদৌসি বেগম নামের দুই শ্রমিককে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের থানা হাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জানান, সরকার ঘোষিত মজুরি কাঠামো প্রত্যাখ্যান এবং নূন্যতম মজুরি পাঁচ হাজার টাকার দাবিতে গত ৩১ জুলাই আশুলিয়া শিল্পাঞ্চলে বিক্ষোভ করে শ্রমিকরা।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফা সংঘর্ষ হয়।
সংঘর্ষ চলাকালে জামগড়া এলাকায় শ্রমিকরা পুলিশের উপর হামলা চালায়। হামলায় তিনিসহ ঢাকা জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট ইকবাল বাহার, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মনোয়ার হোসেন, আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম, উপ-পরিদর্শক শাহীন শাহ-পারভেজ আহত হন।
পুলিশ কর্মকর্তা জানান, সংঘর্ষের সময় পুলিশ সুপারিনটেনডেন্টের দেহরক্ষী কনস্টেবল রুহুল আমিনের কাছ থেকে একটি পিস্তল, দুটি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি ও আশুলিয়া থানার উপ-পরিদর্শক শাহীন শাহ পারভেজের কাছ থেকে একটি ওয়ারল্যেস সেট নিয়ে যায় শ্রমিকরা।
ওই দিন রাতেই পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধাদান, পুলিশের গাড়ি ভাংচুরের অভিযোগে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদ হোসেন বাদি হয়ে ৬০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো তিন হাজার জনকে আসামি করে একটি মামলা (নং-৮৮) করে।
পরে অস্ত্র লুট হওয়ার অভিযোগটি এ মামলায় যুক্ত করা হয়।
এর আগে শনিবার সকাল থেকে রোববার ভোর পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ শ্রমিককে পুলিশ গ্রেপ্তার করা হয়। তবে লুন্ঠিত অস্ত্র, ম্যাগজিন, গুলি ও ওয়্যারলেস সেট এখন পর্যন্ত উদ্ধার হয়নি।
বিক্ষোভের ঘটনায় ১ অগাস্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় শেড ফ্যাশন লিমিটেড কারখানাটি।
সোমবার সকালে কর্তৃপক্ষ কারখানাটি খুলে দিয়েছে বলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক জানান।
তিনি জানান, বিশৃঙ্খলা সৃষ্টি অভিযোগে কারখানা কর্তৃপক্ষ ২৩৪ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০১৫ ঘ.
bdnews24