ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। (আরো তথ্যসহ)
এরমধ্যে রাজশাহীতে ২০ দফা দাবিতে প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসকের মাধ্যমে ১১ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে আদিবাসীরা।
রংপুর আদিবাসী সমিতি বিক্ষোভ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও শেষে ৭ দফা দাবিতে স্মারকলিপি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
রাজশাহী: জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় শোভাযাত্রা, আদিবাসী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।
এছাড়া ২০ দফা দাবিতে প্রশাসনের মাধ্যমে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
তাদের ২০ দফার মধ্যে রয়েছে- আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, সমতলের আদিবাসীদের উন্নয়নে পৃথক মন্ত্রণালয় ও ভুমি কমিশন গঠন, জাতীয় সংসদে উত্তরবঙ্গের আদিবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা, বৃহত্তর পাঁচটি জেলার জন্য পাঁচটি পুরুষ ও তিনটি মহিলা আসন এবং স্থানীয় সরকার পরিষদে আদিবাসীদের আসন সংরক্ষণ, আদিবাসী শিক্ষা অধিদপ্তর গঠন, শিশুদের একটি পর্যায় পর্যন্ত মাতৃভাষায় শিক্ষা গ্রহণের ব্যবস্থা গ্রহণের পাশাপশি বিশ্ববিদ্যালয় সমূহের সংশ্লিষ্ট বিভাগে আদিবাসী ভাষা, সংস্কৃতি ও ঐহিত্য বিষয়ে পাঠদান নিশ্চিতকরণ, আদিবাসীদের প্রতি সকল প্রকার বৈষম্য দূর করা।
এদিকে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের পৃথক ভূমি কমিশন গঠনের দাবিতে আদিবাসী ছাত্র পরিষদ দুপুরে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও সমাবেশ করে।
এতে আদিবাসী ছাত্র পরিষদ সভাপতি হরেন্দ্রনাথ সিং, সাধারণ সম্পাদক মানিক সরেন, সাংগঠনিক সম্পাদক নবদ্বীপ লাকড়া প্রমুখ বক্তব্য রাখেন।
সুনামগঞ্জ: দিবসটি পালনোপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণতলা মিশন এলাকায় ট্রাইবাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন, স্যানক্রেড ও কারিতাস শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করে।
শোভাযাত্রা শেষে মিশন মিলানায়তনে আদিবাসী নেতা পৌল সাংমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওসমান গণি, স্যানক্রেড কর্মকর্তা পলাশ চিছাম, কারিতাস কর্মকর্তা স্তিফান শেখর আজিম, শফিকুর রহমান প্রমুখ।
রংপুর: রংপুর আদিবাসী সমিতির উদ্যেগে দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে ৭ দফা দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়।
তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- রংপুরে আদিবাসী একাডেমি প্রতিষ্ঠা করা, বন বিভাগ কর্তৃক অবৈধভাবে দখল করে রাখা আদিবাসীদের কৃষি জমি ফিরিয়ে দেওয়া, রংপুর শহরের সাতমাথাসহ কয়েকটি স্থানে বসবাসকারী দুইশ' আদিবাসী পরিবারের জন্য স্থায়ী আবাস প্রদান, আদিবাসীদের উপর হামলা নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদিবাসী সমিতির কেন্দ্রীয় সভাপতি বিশ্বনাথ সিং এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আদিবাসী নেত্রী সুমিত্রা মাহাতো, আরিফ খান, আবুল হোসেন প্রমুখ।
তারা সরকারের প্রতি ৭ দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান।
রাঙামাটি: সকালে রাঙামাটি পৌরসভা চত্বরে বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখা একটি আলোচনা সভার আয়োজন করে।
বাংলাদেশ আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চল শাখার আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রধান অতিথি রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান, সদর উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মিনতি চাকমা, শ্রীমৎ বিজয় আনন্দ ভিক্ষু প্রমুখ।
আলোচনা সভা শেষে মানিক লাল দেওয়ান পায়রা উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বক্তারা সংবিধান সংশোধনের মাধ্যমে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি, পার্বত্য শান্তি চুক্তির যথাযথ বাস্তবায়ন ও আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করার দাবি জানান।
বিকালে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আদিবাসী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরপর আদিবাসী স
bdnews24