২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আদিবাসীদের বিষয়ে বৈষম্য হলে আইনি ব্যবস্থা: শফিক

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, কোনো ব্যক্তি কিংবা কর্তৃপক্ষ আদিবাসীদের বিষয়ে বৈষম্য সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 06:25 PM

ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, কোনো ব্যক্তি কিংবা কর্তৃপক্ষ আদিবাসীদের বিষয়ে বৈষম্য সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সোমবার বিকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, "আদিবাসীরা যদি নাগরিক হিসাবে বৈষম্যের শিকার হয়, আর কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ যদি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে সে বৈষম্য সৃষ্টি করেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।" তিনি বলেন, কোনো নাগরিকের সাংস্কৃতিক ও আত্ম পরিচয়ের অধিকার সংবিধানিক অধিকার হিসাবে স্বীকৃত। আদিবাসীদের এ অধিকার কেউই অস্বীকার করতে পারবে না। শফিক আহমেদ অভিযোগ করেন, পার্বত্য এলাকায় শান্তির জন্য যে চুক্তি করা হয়েছিল বিগত বিএনপি-জামায়াত জোট সরকার তা বাস্তবায়নে বাধা সৃষ্টি করেছে। বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান, চাকমা রাজা দেবাশিষ রায়, তথ্য কমিশনের সদস্য সাদেকা হালিম, ব্যারিস্টার সারা হোসেন, ইউরোপিয়ান কমিশনের রাষ্ট্রদূত স্টেফান ফ্রোয়েন, ডেনমার্কের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টেফান প্রিজনার, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর ইয়ান মোলার জেনসেন, আইএলও কান্ট্রি ডিরেক্টর গগন রাজভান্ডারী। অনুষ্ঠানটি পরিচালনা করেন আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং। অধ্যাপক মিজানুর রহমান বলেন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিলে বাংলাদেশের মর্যাদা কমে যাবে না। বরং সারা বিশ্বে এ দেশের মানুষের আত্ম-মর্যাদা বহুগুণে বেড়ে যাবে। আমরা সবাই মিলেই এই দেশ, সবাইকে নিয়েই ভবিষ্যত আগ্রগতির দিকে এগিয়ে যেতে হবে। রাজা দেবাশিষ রায় বলেন, প্রতি বছরই আমরা এই দিনটি পালন করি। কিন্তু আদিবাসীদের অধিকার নিশ্চিত হয়না। তিনি বলেন, "এখন আমাদের একটা সুযোগ এসেছে- '৭২-এর সংবিধানের মূল চেতনায় ফিরে যাওয়ার। আমাদের দাবি সেখানে যেন আদিবাসীদের অধিকার ও আত্ম-পরিচয়ের স্বীকৃতি থাকে।" সন্তু লারমা বলেন, "একটি বিশেষ মুহূর্তে আমরা আদিবাসী দিবস পালন করছি। আজ আমাদের সংস্কৃতি এবং আত্ম-পরিচয় সংকটাপন্ন। যুগ-যুগ ধরে আদিবাসীরা শাসক গোষ্ঠীর দ্বারা নির্যাতিত ও নিপীড়িত হয়ে আসছে। স্বাধীনতার ৩৯ বছর পরও আমাদের সাংবিধানিক স্বীকৃতি মেলেনি।" তিনি অভিযোগ করেন, বর্তমান সরকারের ১৯ মাস হলেও তারা শান্তিচুক্তি পুরোপুরি বাস্তবায়ন করেনি। বরং পাহাড়ে সেনাশাসন অব্যাহত রেখেছে। নামমাত্র কয়েকটি অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করেছে। কিন্তু অপারেশন উত্তরণ থেমে থাকেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেবি/এইচএ/২০১২ ঘ.