ঢাকা, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দল বিএনপির গণমিছিল সোমবার বিকাল পৌণে ৬ টায় পল্টন ময়দান থেকে শুরু হয়। দলের চেয়ারপারসন খালেদা জিয়া একটি সাদা পাজারো জীপে চড়ে এই মিছিলে নেতৃত্ব দেন।
গণমিছিল শুরু হওয়ার আগে খালেদা জিয়া সমবেত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
গণমিছিল স্টেডিয়ামের পূর্ব গেইট দিয়ে বেরিয়ে রাজউক এভিনিউ, ফকিরের পুল মোড়, নয়া পল্টন সড়ক, কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সরকারের আমলে এটি বিএনপির প্রথম গণমিছিল।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১৩ দফা দাবি আদায়ে এই গণমিছিল করছে বিএনপি। দাবিগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ-গ্যাস-পানি সমস্যার সমাধান, আইনশৃঙ্খলার অবনতি রোধ, কারাবন্দি নেতাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার, প্রশসান দলীয়করণ রোধ, সাংবাদিক নির্যাতন রোধ, খুন-গুম-গুপ্ত হত্যা এবং বিচারবিভাগের ওপর হস্তক্ষেপ বন্ধ, নিখোঁজ ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী আলমকে জনসমক্ষে হাজির করা, ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল ও ট্রানজিটের নামে করিডোর প্রদান বন্ধ করা।
একই দাবিতে গত ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি। এরপর গত দেড় মাসে কয়েকটি বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে তারা।
বিএনপি গত ২৫ জুলাই পল্টন ময়দানে গণঅনশনের কর্মসূচির ঘোষণা দেয়। তবে জাতীয় ক্রীড়া পরিষদ অনুমতি না দেওয়ায় ওই কর্মসূচি বাতিল করা হয়।
ঢাকা সেনানিবাসের বাসা থেকে বিকাল সোয়া ৫ টার দিকে খালেদা জিয়া পল্টন ময়দানে এসে পৌঁছান।
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমেদ, নজরুল ইসলাম খানসহ নেতৃবৃন্দ, সহসভাপতি ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাসহ কেন্দ্রীয় নেতা, সাংসদ, অঙ্গ সংগঠনের নেতারা পায়ে হেঁটে গণমিছিলে অংশ নিচ্ছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৮০৫ ঘ.
bdnews24