গাজীপুর, অগাস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের জিরানী এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কে সোমবার সকালে মাটির নীচের গ্যাস পাইপ ফেটে গ্যাস বেরুনো শুরু করে।
সকাল ১০টার দিকে ওই গ্যাসে হঠাৎ করে আগুন ধরে যায়।
দমকল বাহিনী গিয়ে আগুন নিভিয়ে ফেলে এবং ওই সড়কে যানবাহন চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করে।
তিতাস গ্যাস সাভার অফিসের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী মো. আব্দুল ওহাব জানান, সড়কের পূর্বাংশে প্রায় অর্ধ কিলোমিটার জুড়ে স্থানে স্থানে গ্যাস বেরুচ্ছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সাভারে ঢাকা ইপিজেড দমকলের সিনিয়র স্টেশন অফিসার মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনা রোধে কালিয়াকৈর-নবীনগর সড়কের পূর্বাংশের রাস্তা বন্ধ রাখা হয়েছে। সড়কের পশ্চিমাংশ দিয়ে যানবাহন চলাচল করছে।
প্রকৌশলী মো. আব্দুল ওহাব বলেন, "রিপিয়ারিং টিম সকাল সাড়ে ১০ টার দিকে ঘটনাস্থলে গেছে। তারা মেরামত কাজ শুরু করেছে। সন্ধ্যা নাগাদ মেরমতের কাজ শেষ হবে বলে আশা করা যচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৩০৮ ঘ.
bdnews24